গাজীপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুর সদরে শনিবার দুপুরে দুর্বৃত্তরা গুলি করে এক ব্যবসায়ীর টাকা ছিনিয়ে নিয়েছে।
পুলিশ জানায়, সালনা বাজারের ঢেউটিন ব্যবসায়ী সোহেল রানা দুপুর দেড়টার দিকে রিকশা করে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তার পায়ে গুলি করলেও তা লক্ষ্যভ্রষ্ট হয়।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুস ছবুর সাংবাদিকদের জানান, দক্ষিণ সালনার জান জালিয়া ঈদগাহ মাঠের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী তিন ছিনতাইকারী সোহেল রানাকে রিকশা থেকে নামিয়ে মারধর করে।
এক পর্যায়ে ছিনতাইকারীরা পিস্তল দিয়ে তার পায় লক্ষ্য করে গুলি করে ৫০ হাজার চারশ' টাকা ছিনিয়ে নেয়। লোকজন এগিয়ে এলে ছিনতাইকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
এএসআই ছবুর জানান, এ ঘটনায় সোহেল বাদী হয়ে জসিম উদ্দিন (২৪), রনি (২২) ও অজ্ঞাতনামা অপর ছিনতাইকারীর বিরুদ্ধে একটি মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৯ ঘ.
bdnews24