ঢাকা, ডিসেম্বর ০৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন বলেছেন, জাতীয় কাউন্সিলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া 'গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায়' নির্দেশনামূলক বক্তব্য দেবেন।
৮ ডিসেম্বর দলের কাউন্সিল উপলক্ষে শনিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র পরিদর্শন ও উপকমিটির নেতাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
দেলোয়ার আবারো অভিযোগ করেন, সরকার দেশের স্বার্থ রক্ষা করতে পারছে না।
বিএনপি মহাসচিব বলেন, "বর্তমান সরকার দেশের স্বার্থ রক্ষা করতে পারছে না। আগামী ৮ ডিসেম্বরের জাতীয় কাউন্সিলে গণতন্ত্র ও দেশের স্বার্থ রক্ষায় বিএনপি নেত্রী নিদের্শনামূলক বক্তব্য রাখবেন।''
কাউন্সিলের সব প্রস্তুতি চলছে জানিয়ে দেলোয়ার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও অনুষ্ঠানস্থলের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার দাবি জানান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিনু, যুবদল সভাপতি সাংসদ বরকত উল্লাহ বুলু, সাধারণ সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সভাপতি কাইয়ুম চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে দেলোয়ারের সভাপতিত্বে বেলা সাড়ে ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সভাকক্ষে সম্মেলনের প্রস্তুতি বিষয়ক ১১টি উপকমিটির নেতাদের বৈঠক হয়। বৈঠকে কাউন্সিল অনুষ্ঠান প্রস্তুতির সর্বশেষ অবস্থা পর্যালোচনা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমইউএস/এজে/এসকে/১৯০২ঘ.
bdnews24