পাবনা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সাঁথিয়া উপজেলার শিমুলচরা গ্রাম থেকে শনিবার বিকেলে অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
তার বাড়ির পাশের খড়ের পালার ভেতর থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
আটককৃত ব্যক্তি হলেন- আব্দুস সাত্তার (৩৫)। তিনি 'চরমপন্থী' পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এমএল-জনযুদ্ধ) আঞ্চলিক নেতা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার এস এম সাহিদুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিমুলচরা গ্রামে অভিযান চালিয়ে র্যাবের একটি দল বিকেল ৪টার দিকে আব্দুস সাত্তারকে আটক করে।
তার বিরুদ্ধে আতাইকুলা ও সাঁথিয়া থানায় দুটি হত্যাসহ ছয়টি মামলা রয়েছে।
তিনি জানান, সাত্তারকে র্যাব হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮৪৪ ঘ.
bdnews24