খাগড়াছড়ি, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ি-চট্টগ্রাম রুটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর দুপুর ৩টায় ধর্মঘট প্রত্যাহার করে নেয় খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতি।
সড়কে শ্রমিক নির্যাতন ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে পরিবহন মালিক সমিতি শনিবার সকাল থেকে অনির্দিষ্টকালের এ ধর্মঘট শুরু করে।
সমিতির নেতা এস এম শফি সাংবাদিকদের বলেন, প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শান্তি পরিবহনের কাউন্টারে হামলা ও তিন কর্মচারীকে মারধরের সঙ্গে জড়িতদের বিচারসহ দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ায় তারা ধর্মঘট প্রত্যাহার করেছেন।
গত ১৬ নভেম্বর মানিকছড়ি কালাপানি এলাকায় শান্তি পরিবহনের একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক শিক্ষার্থী নিহত হয়। এর ক্ষতিপূরণ না পেয়ে নিহতের আত্মীয়-স্বজন শুক্রবার শান্তি'র কাউন্টারে হামলা চালায় এবং তিন কর্মচারীকে মারধর করে।
সমস্যা সমাধানে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ দুপুর ১টায় তার বাসায় পরিবহন মালিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক করেন।
এ বৈঠকে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক মো. ইয়াসিন, ভারপ্রাপ্ত পুলিশ সুপারিনটেনডেন্ট আমীর জাফর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি এস এম শফি, পার্বত্য যানবাহন সমিতির লোচন চাকমা প্রমুখ।
অপরদিকে, ইউপিডিএফ নেতা রুইখই মারমা হত্যার প্রতিবাদে সংগঠনটির ডাকা জেলার লক্ষ্মীছড়ি-মানিকছড়ি সড়কে অর্নিদিষ্টকালের সড়ক অবরোধ চলছে।
গত ২ অক্টোবর লক্ষ্মীছড়ির বর্মাছড়ি ইউনিয়নের বতটলী এলাকায় সন্ত্রাসী হামলায় রুইখই নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/এমএসবি/১৬৫৭ ঘ.
bdnews24