ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর তিনটি স্থান থেকে শনিবার শিশুসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহতদের মধ্যে একজন পথশিশু মো. মাসুদ (১২)। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।
বংশাল থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নয়াবাজার এলাকার কাঁচাবাজারের ভেতর থেকে সকাল ১১টার দিকে মাসুদের লাশ উদ্ধার করা হয়েছে। সে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় তার মায়ের সঙ্গে থাকতো।
পুলিশ ধারণা করছে, শুক্রবার রাতে যানবাহনের ধাক্কায় আহত হয়ে সে মারা যায়।
এছাড়া অজ্ঞাত পরিচয় আরো দু'ব্যক্তির লাশ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফারুক হোসেন জানান, দক্ষিণ খেজুরবাগ মন্দিরের পাশ থেকে শনিবার সকাল পৌনে ১০টার দিকে অজ্ঞাত পরিচয় (৫০) একজনের লাশ উদ্ধার করা হয়।
ফারুক বলেন, "তার শরীরের কয়েকটি স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। তার পরনে সাদা লুঙ্গি ছিল।"
শুক্রবার রাতের যেকোনও সময় তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ ধারণা করছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, পোস্তগোলা সেতুর ২০০ গজ পূর্ব দিকে বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
তার গলায় একটি মাফলার জড়ানো ছিল। তার পরনে খয়েরি প্যান্ট, সাদা শার্ট ও একজোড়া জুতো ছিল। তার পকেটে ২১/১ র্যাংকিন স্ট্রিট ওয়ারি ঠিকানা লেখা একটি চিরকুট পাওয়া গেছে বলে আবুল কালাম জানান।
লাশে পচন ধরায় পুলিশের ধারণা, ওই ব্যক্তি ২/৩ দিন আগে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৪১৩ ঘ.
bdnews24