২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মামলা দায়ের, আরেকটি লাশ উদ্ধার

কিশোরগঞ্জে নৌকাডুবির ঘটনায় একটি মামলা হয়েছে। ডুবে যাওয়া নৌকার আরেক যাত্রীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2009, 08:08 AM

Updated : 26 Aug 2022, 12:26 PM

কিশোরগঞ্জ, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জে নৌকাডুবির ঘটনায় একটি মামলা হয়েছে। ডুবে যাওয়া নৌকার আরেক যাত্রীর লাশ শনিবার উদ্ধার করা হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮। দায়রা নদীতে শুক্রবার একটি লঞ্চের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকাটি ডুবে যায়। মিঠামইনের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোপাল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সকালে একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তার নাম সোহাগ চৌধুরী (৯)। নৌকাডুবির ঘটনায় শুক্রবার মিঠামইন থানার উপ পরিদর্শক (এসআই) আব্দুল মোতালেব বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। মামলায় যে লঞ্চটি ধাক্কা মেরেছিলো তার মালিকসহ পাঁচজনকে আসামি করা হয়েছে বলে পুলিশ জানায়। প্রশাসনিকভাবে উদ্ধার কার্যক্রম শেষ করা হলেও স্থানীয়রা এখনো নিখোঁজদের সন্ধান চালিয়ে যাচ্ছেন। তবে কতজন এখনো নিখোঁজ আছে, তা নিশ্চিত হওয়া যায়নি। নৌকাটিতে একশ'র মতো যাত্রী ছিলেন। তবে অনেকে সাঁতরে তীরে উঠেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা শুরু করে। এই তৎপরতা এখনো চলছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আব্দুল মালেক মিয়া শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের প্রতি পরিবারকে ৩০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দেন তিনি। মালেক জানান, দুর্ঘটনা খতিয়ে দেখতে নৌ পরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাণিজ্যিক) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে দুই হাজার টাকা করে অর্থ সহায়তা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসনও দুর্ঘটনা তদন্তে একটি কমিটি করেছে। জেলা প্রশাসক মো. শাহ কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান হচ্ছেন অতিরিক্ত জেলা প্রশাসক তুলসী রঞ্জন দাস। ভোলায় লঞ্চ দুর্ঘটনায় ৮৭ জনের মৃত্যুর এক সপ্তাহের মধ্যে কিশোরগঞ্জে নৌ দুর্ঘটনা ঘটলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১৪০০ ঘ.