নরসিংদী, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রভাব বিস্তার নিয়ে নরসিংদী সদর উপজেলার চর এলাকায় পৃথক সংঘর্ষ ও হামলায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
উপজেলার নবীপুরা গ্রামে শুক্রবার সকালে এবং খোদাদিলায় দুপুরে এ দুটি ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নরসিংদী সদর থানার ওসি শামীম আহমেদ বলেন, সকাল ৯টার দিকে নবীপুরা গ্রামের কুদ্দুছ মিয়ার সমর্থকদের বাড়িতে প্রতিপক্ষ ওসমান মিয়ার সমর্থকরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। এ সময় কুদ্দুছ মিয়ার ১০ সমর্থক আহত হন।
আহত আমীর আলী (৪০), কবির মিয়া (৩৬), জোসনা বেগম (৪০), রাবেয়া বেগম (৩০), তাহেরা বেগম (৩৮), শুক্কুরি বেগম (৫০) টেটাবিদ্ধ হন। তাদের নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ কর্মকর্তা জানান, বেলা ১২টার দিকে খোদাদিলা গ্রামের ছিদ্দিকের সমর্থকরা সফর আলীর সমর্থকদের বাড়িতে হামলা চালালে ২০ জন আহত হন।
আহত রফিজ মিয়া (৩০), মোমেন (৫০), মামুন (৩০), আতিকুল ইসলাম (২৫), রিপন (২০), শফিকুল ইসলাম (২৮), পূর্ণিনেছা বেগম (৯০) ও জসীম উদ্দিনকে (২৫) নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
দুই ঘটনায় থানায় দু'টি মামলা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এখনো কেউ গ্রেপ্তার হয়নি বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৪ ঘ.
bdnews24