ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডট কম)- ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় হরকাতুল জিহাদ নেতা শেখ আবদুস সালাম বৃহস্পতিবার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মোয়াজ্জেম হোসেনের খাসকামরায় সালাম এ জবানবন্দি দেন।
এরপর রাতে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের বিশেষ সিনিয়র সহকারী সুপার আবদুল কাহার আকন্দ ১৫ দিন জিজ্ঞাসাবাদ শেষে দুপুরে তাকে হাজির করে আদালতকে জানান, সালাম হাকিমের কাছে জবানবন্দি দেবেন।
এরপর প্রায় পাঁচ ঘণ্টা ধরে তার জবানবন্দি নেওয়া হয়।
পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিশন বিভাগের অতিরিক্ত কমিশনার আনিসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সালাম গ্রেনেড হামলায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে হাকিমের কাছে জবানবন্দি দিয়েছেন বলে তিনি জানতে পেরেছেন।
তবে সালাম কী বলেছেন তা জানাতে তিনি অস্বীকৃতি জানান।
গত ৩ আগস্ট অধিকতর তদন্তের আদেশের পর এ মামলায় সালামই প্রথম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।
এর আগে এ মামলার আসামি মুফতি হান্নানসহ আটজন জবানবন্দি দিয়েছেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় দলের কেন্দ্রীয় নেত্রী আইভি রহমানসহ কমপক্ষে ২৪ জন নিহত ও বহু লোক আহত হন।
এ মামলায় বিএনপি নেতা ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু ও হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ ২২ জন আসামি। এছাড়া কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে সম্প্রতি এ মামলায় জিজ্ঞসাবাদ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/এজে/এইচএ/২২৩৭ ঘ.
bdnews24