বান্দরবান, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসী সন্দেহে বান্দরবানের রোয়াংছড়ি থেকে দুই পাহাড়িকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার গ্রেপ্তারের পর তাদের পুলিশের কাছে তুলে দেওয়া হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সুজন চাকমা খোকন (২৬) ও সমন জ্যোতি তঞ্চঙ্গ্যা (২৪)। সুজনের বাড়ি খাগড়াছড়ির দীঘিনালা ও সুমনের বাড়ি রাঙামাটি জেলা সদরে।
রোয়াংছড়ি থানার ওসি মো. মহিউদ্দিন সাংবাদিকদের জানান, উপজেলা সদর থেকে প্রায় ২ কিলোমিটার উত্তরে কাটা পাহাড় এলাকা থেকে সুজন ও সমনকে গ্রেপ্তার করা হয়।
তারা পার্বত্য চট্টগ্রাম ন্যাশনাল ফ্রন্ট (সিএইচটি এনএফ) এর সক্রিয় সদস্য এবং সন্ত্রাসী কার্যকলাপে জড়িত বলে ওসি দাবি করেন।
তিনি আরো বলেন, সংগঠনটি চাঁদাবাজি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এর আগেও রোয়াংছড়ি থেকে সিএইচটি এনএফ এর আট সদস্যকে গ্রেপ্তার করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪১৪ ঘ.
bdnews24