ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)-এর চেয়ারম্যান অরবিন্দ রাজখোয়া (৫৭) বাংলাদেশে আটক হয়েছেন বলে বুধবার ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।
তবে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে এ আটকের ব্যাপারে কিছুই বলা হয়নি।
ভারতের জিনিউজ, ইন্ডিয়া টুডেসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যমের অনলাইন সংস্করণে উলফা চেয়ারম্যানকে আটকের খবর বেরিয়েছে।
অরবিন্দ রাজখোয়ার আটক হওয়ার বিষয়ে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদকে জিজ্ঞেস করা হলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, এ ব্যাপারে তিনি 'কিছুই জানেন না'।
এর আগে গত মাসের প্রথম দিকে উলফার অন্যতম দুই নেতা শাশা চৌধুরী ও চিত্রবন হাজারীকাকে বাংলাদেশের পুলিশ গ্রেপ্তার করে বলে ভারতীয় গণমাধ্যম খবর দিয়েছিল। এর কয়েকদিন পরে তাদেরকে আদালতে হাজির করে ভারতীয় পুলিশ। কাগজে-কলমে তাদের সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার দেখানো হয়। কিন্তু ভারতীয় কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সেদেশের গণমাধ্যমে খবর বেরিয়েছিল যে, উলফার ওই দুই নেতাকে বাংলাদেশ থেকে গ্রেপ্তারের পর ভারতে ফেরত পাঠানো হয়।
বুধবার ইণ্ডিয়া টুডে'র খবরে বলা হয়, সোমবার উলফা চেয়ারম্যানকে গ্রেপ্তার করে বাংলাদেশ পুলিশ। কঠোর নিরাপত্তার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাছে তাকে হস্তান্তর করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/২১৩৫ ঘ.
bdnews24