২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরপুরে সহকারী অ্যাটর্নি জেনারেলের বাসায় ডাকাতি

রাজধানীর মিরপুরে বুধবার সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল বাহাউদ্দিন আহমেদের বাসায় ডাকাতি হয়েছে। পুলিশ এ খবর দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2009, 12:43 PM

Updated : 07 Jul 2022, 06:41 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে বুধবার সকালে সহকারী অ্যাটর্নি জেনারেল বাহাউদ্দিন আহমেদের বাসায় ডাকাতি হয়েছে। পুলিশ এ খবর দিয়েছে।

এ সময় ডাকাতরা প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল পৌনে ৭টার দিকে ৬/৭ জন ডাকাত জানালার গ্রিল কেটে বাসার ভেতরে ঢুকে। তারা বাড়ির লোকজনের হাত-পা রশি দিয়ে বেঁধে ফেলে।

এরপর তারা ৮টি মোবাইল ফোন সেট, আলমারির তালা ভেঙে ৬০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

ওই সময় বাহাউদ্দিন আহমেদ বাসায় ছিলেন না বলে জানান পুলিশ কর্মকর্তা জাকির।

সহকারী অ্যাটর্নি জেনারেল বাহাউদ্দীন আহমেদ মিরপুর ৬ নম্বর সেকশনের ১ নম্বর সড়কের বি ব্লকের ২০ নম্বর বাড়ির নিচতলায় থাকেন ।

এ ব্যাপারে মিরপুর থানায় একটি ডাকাতির মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমইউএস/এইচএ/১৮৪০ ঘ.