ঢাকা, ডিসেম্বর ০২ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির 'চেয়ারপারসন' পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন খালেদা জিয়া। বুধবার বিকেলে তার প্রধান নির্বাচনী এজেন্ট দপ্তর সম্পাদক রিজভী আহমেদ রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন।
দলের চেয়ারপারসন নির্বাচনে একটিমাত্র মনোনয়নপত্র সংগ্রহ ও জমা পড়েছে। মঙ্গলবার খালেদা জিয়ার পক্ষে রিজভী আহমেদ ওই মনোনয়নপত্রটি সংগ্রহ করেন।
মনোনয়নপত্র জমা নেওয়ার পর রিটার্নিং অফিসার আর এ গনি সাংবাদিকদের বলেন, "বৃহস্পতিবার দুপুর ১২টায় মনোনয়নপত্র বাছাই হবে। এর পরদিন মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ধার্য রয়েছে। সেদিনই অনানুষ্ঠানিকভাবে ফলাফল জানানো যাবে।''
রিজভী আহমেদ সাংবাদিকদের জানান, খালেদা জিয়ার মনোনয়নপত্রে প্রস্তাবক হিসেবে বগুড়ার গাবতলী উপজেলা বিএনপির আহবায়ক আমিনুর রহমান তালুকদার ও সমর্থক হিসেবে রাঙ্গামাটি জেলার সভাপতি দীপেন দেওয়ান স্বাক্ষর করেন।
চেয়ারপারসন নির্বাচনে গঠিত নির্বাচন কমিশনের সহকারি রিটার্নিং অফিসার আবদুল মান্নান, নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, গঠনতন্ত্র উপকমিটির সদস্য মাসুদ তালুকদার প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।
খালেদার মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংসদ বরকতউল্লাহ বুলু, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুব দলের সহসভাপতি কাইয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক ছাত্র নেতা আবদুল লতিফ জনি, মনির হোসেন, সাইমুম বেগম, শামসুজ্জামান মেহেদি, মাহবুবুল হক নান্নু, বেলাল আহমেদ, ইকরামুল কবীর টিপু।
জিয়াউর রহমানের মৃত্যুর পর খালেদা জিয়া ১৯৮৩ সালে বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব নেন। ১৯৯৩ সালে চতুর্থ জাতীয় কাউন্সিলে খালেদা জিয়া দ্বিতীয় দফা বিনা প্রতিদ্বদ্বিন্দ্বতায় চেয়ারপারসন নির্বাচিত হন।
বিএনপির চেয়ারপারসন নির্বাচনের জন্য বিচারপতি টি এইচ খানের নেতৃত্বে তিন সদস্যের নির্বাচন কমিশন মঙ্গলবার তফসিল ঘোষণা করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/১৭৫৭ ঘ.
bdnews24