ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ ঘোষিত হরকাতুল জিহাদের আমির শেখ আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য আরো একদিনের পুলিশ হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।
ঢাকার মহানগর হাকিম জুলফিকার হায়াত মঙ্গলবার এ আদেশ দেন।
২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় এর আগে তাকে ১৪ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সিনিয়র বিশেষ পুলিশ সুপারিনটেনডেন্ট আব্দুল কাহার আকন্দ এদিন শেখ আব্দুস সালামকে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজতে নেওয়ার আবেদন করেন।
গত ২ নভেম্বর বগুড়ার ধুনট থেকে আব্দুস সালামকে গ্রেপ্তার করা হয়।
মুফতি হান্নান স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ওই গ্রেনেড হামলায় শেখ আব্দুস সালামের সম্পৃক্ততার কথা প্রকাশ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/০০৩০ ঘ.
bdnews24