ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- সাংবাদিক নির্যাতনের ঘটনায় রাজধানীর আসাদগেট এলাকায় কর্মরত এক পুলিশ সার্জেন্টের বিরুদ্ধে বিচার শুরুর নির্দেশ দিয়েছে আদালত।
মো. আলতাফ হোসেন মোল্লা নামের এই সার্জেন্ট ওয়ারি পুলিশ ফাঁড়িতে দায়িত্ব পালনকালে ফোকাস বাংলা নিউজের যুগ্ম বার্তা সম্পাদক আমীনুল কবীর সুমনকে নির্যাতন করেন বলে অভিযোগ রয়েছে।
গত ৮ নভেম্বর ঢাকা মহানগর তৃতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ শওকত আলী চৌধুরি মুখ্য মহানগর হাকিমকে এ নির্দেশ দেন। তবে বিষয়টি প্রকাশ পায় মঙ্গলবার বিকালে।
সুমনের আইনজীবী দুলাল মিত্র ও আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৪ সালের ১০ আগস্ট আলতাফ ওয়ারি পুলিশ ফাঁড়িতে কর্মরত থাকাকালে সুমনকে ফঁড়িতে আটকে রেখে বেদম মারধর করে অজ্ঞান করে ফেলেন।
এ ছাড়া সুমনকে হেনস্তা করার জন্য তার বিরুদ্ধে একটি সাজানো মামলাও করা হয়।
ওই মামলায় জামিন নিয়ে সুমন ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সার্জেন্ট আলতাফের বিরুদ্ধে একটি মামলা করেন। বিচার বিভাগীয় তদন্ত শেষে ২০০৫ সালের ১২ জানুয়ারি সুমনের করা মামলাটি খারিজ করে দেয় আদালত।
এরপর সুমন মহানগর দায়রা জজ অদালতে এ খারিজ আদেশের বিরুদ্ধে রিভিশন আবেদন করেন। আবেদন শুনানি শেষে বিচারক এ আদেশ দেন।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এইচএ/২৩৫০ ঘ.
bdnews24