সিলেট, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীমঙ্গলে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় 'লেবার হাউস' দখলের অভিযোগে সিলেটের কয়েকটি চা বাগানের শ্রমিকরা মঙ্গলবার থেকে কর্মবিরতি শুরু করছে।
গত ২৫ নভেম্বর প্রতিপক্ষ একটি গ্র"প লেবার হাউস দখলে নেয়।
এর প্রতিবাদে সারাদিন কাজ বন্ধ রেখে বিকালে তারা সিলেটের মালনি ছড়া চা-বাগান কার্যালয়ের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
এতে বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির উপদেষ্টা নান্টু রঞ্জন সিং, সভাপতি শ্রীবাস মহালী, কানু দাশ ছত্রী, গুন নায়েক, সবুজ তাঁতী, কুমকুম নায়েক প্রমুখ।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ২০০৮ সালে শ্রমিকদের প্রত্যক্ষ ভোটে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বাগান পঞ্চায়েত, ভ্যালি কমিটি ও কেন্দ্রীয় কমিটি নির্বাচন করা হয়।
এতে মাখন লাল কর্মকার সভাপতি ও রামভজন কৈরি সম্পাদক হন। ভোটে রাজেন্দ্র প্রসাদ গ্র"প পরাজিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির সভাপতি শ্রীবাস মহালী জানান, গত ২৫ নভেম্বর বিকাল ২টার দিকে রাজেন্দ্র প্রসাদ গ্র"পের লোকজন চা শ্রমিক ইউনিয়নের প্রধান কার্যালয় লেবার হাউস দখল করে নেয়।
তিনি বলেন, "সিলেট ভ্যালির ২২টি চা বাগানের মধ্যে ১৯টিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে। কার্যালয় দখলমুক্ত না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।"
এদিকে মৌলভীবাজার প্রতিনিধি জানান, গত বছর ২৬ অক্টোবর পঞ্চায়েত ও ভ্যালি কমিটি এবং ২ নভেম্বর চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নির্বাচনে মাখন লাল কর্মকার-রামভজন কৈরি প্যানেল জয়লাভ করে।
পরবর্তীতে এই নির্বাচিত কমিটির বিরুদ্ধে আগের কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় বোনার্জী সমর্থিত শ্রমিকরা শ্রম পরিদপ্তরের পরিচালক বরাবর লিখিত অনাস্থা দেয়। এই অনাস্থা আমলে নিয়ে গত ২৪ নভেম্বর শ্রম পরিদপ্তর বিজয় বোনার্জীকে আহ্বায়ক করে ৩০ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করে।
বিজয় বোনার্জি লেবার হাউস দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, "শ্রম পরিদপ্তর কর্তৃক গঠিত আহ্বায়ক কমিটির ক্ষমতাবলে আমি গত বুধবার লেবার হাউসে যাই। এ সময় ওই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সরজিত পার্শি উপস্থিত থেকে লেবার হাউসের দায়িত্ব আমাকে বুঝিয়ে দেন।
"এখন আমার দায়িত্ব ১২০ দিনের মধ্যে নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে লেবার হাউসের কর্তৃত্ব তাদের হাতে তুলে দেওয়া।
"শুনেছি সিলেটের ছযটি চা বাগানে কর্মবিরতি চলছে। তবে দেশের অন্যান্য স্থানে চা বাগানগুলোতে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে। শ্রমিকরা কাজ চালিয়ে যাচ্ছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.
bdnews24