২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোডম্যাপ চাই: সন্তু

এক যুগেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া 'দুঃখজনক' বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 04:19 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

রাঙামাটি, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক যুগেও পার্বত্য শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া 'দুঃখজনক' বলে মন্তব্য করেছেন জনসংহতি সমিতির চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান সন্তু লারমা বলেন, "চুক্তির মৌলিক বিষয়গুলো আজও বাস্তবায়ন হয়নি। অবিলম্বে একটি রোডম্যাপ তৈরি করে চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন।" শান্তিচুক্তির যুগপূর্তি উপলক্ষে মঙ্গলবার রাঙামাটির পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ১৯৯৭ সালের ২ ডিসেম্বর তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষর হয়। এ চুক্তির মাধ্যমে পাহাড়ে দীর্ঘদিন ধরে চলা সংঘাতের অবসান হলেও চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ীদের মধ্যে হতাশা রয়েছে। সংবাদ সম্মেলনে সন্তু বলেন, মহাজোট সরকার ক্ষমতা গ্রহণের পর শুধু কয়েকটি প্রতিষ্ঠানের নিয়োগ প্রক্রিয়া শেষ হয়েছে। কিন্তু চুক্তির মৌলিক বিষয়গুলোর বাস্তবায়ন এখন পর্যন্ত শুরু হয়নি। তিনি বলেন, "যে আশা ভরসা নিয়ে পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষর করেছিলাম তার যথাযথ বাস্তবায়ন না দেখে মাঝে মধ্যে হতাশ হয়ে পড়ি।" তবে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার অনুসারে মহাজোট সরকার পার্বত্য চট্টগ্রাম সমস্যার যথাযথ সমাধান করবে বলে সন্তু আশা করেন। চুক্তি বাস্তবায়নে আওয়ামী লীগের পদক্ষেপের ব্যাপারে আগের মতো এখনও অনাস্থা পোষণ করেন কিনা জানতে চাইলে তিনি বলেন, "তখনকার প্রেক্ষাপটে যা বলেছিলাম সে অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। আশা করা যায় এ সরকার চুক্তি বাস্তবায়নে আন্তরিকতার পরিচয় দেবে।" জেএসএস নেতার মতে যে বিষয়গুলো অগ্রাধিকারের ভিত্তিতে বাস্তবায়নে উদ্যোগ নেওয়া দরকার সেগুলো হচ্ছে- আঞ্চলিক পরিষদ আইন যথাযথভাবে কার্যকর এবং এই লক্ষ্যে পরিষদের কার্যবিধিমালা চূড়ান্ত করা, আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সুযোগ-সুবিধা সংক্রান্ত প্রবিধানমালা কার্যকর করা, পরিষদ সদস্যদের মর্যাদা নির্ধারণ করা, পরিষদ কমপ্লেক্স প্রকল্প বাস্তবায়ন এবং ঢাকায় পার্বত্য চট্টগ্রাম ভবন নির্মাণের জন্য জমি অধিগ্রহণ ও অর্থ বরাদ্দ করা। আঞ্চলিক পরিষদ আয়োজিত সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- পরিষদ সদস্য গৌতম কুমার চাকমা, উষাতন তালুকদার, স্নেহ কুমার চাকমা, তইম্রাচিং চৌধুরী, রওশন আরা বেগম প্রমুখ। সোমবার রাঙামাটিতে নিজের বাসায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের খাগড়াছড়ি প্রতিনিধির সঙ্গে আলাপকালে সন্তু লারমা বলেন, শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের 'আরো উদ্যোগী' হওয়া প্রয়োজন। আদিবাসীদের অধিকার রক্ষা ও পার্বত্য চট্টগ্রামে ভূমি বণ্টনের ব্যাপারে আলাদা কমিশন গঠনের দাবি জানিয়ে তিনি এসময় আরো বলেন, যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে পার্বত্য অঞ্চলে বসতি স্থাপনকারী বাঙালিদের বাইরে পুনর্বাসনের পাশাপাশি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পগুলি প্রত্যাহার করা প্রয়োজন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/এমএসবি/এসকে/২২১১ঘ.