২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিপ্লোমা নার্সেস নির্বাচনে নিষেধাজ্ঞা চেয়ে মামলা

ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের ১৯ ডিসেম্বরের নির্বাচনে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তার ব্যাখ্যা চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 03:58 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের ১৯ ডিসেম্বরের নির্বাচনে কেন নিষেধাজ্ঞা জারি করা হবে না তার ব্যাখ্যা চেয়েছে আদালত। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সেবা পরিদপ্তরের পরিচালকসহ তিন জনকে আগামী ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। মঙ্গলবার ঢাকার চতুর্থ সহকারি জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. মোস্তাফিজুর রহমান এ আদেশ দেন। এর আগে সকালে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশনের সভানেত্রী তাপসী ভট্টাচার্য মামলা দায়ের করেন । মামলায় সাময়িক চাকরিচ্যুত জাতীয় অর্থোপেডিক হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স শাজাহান হাওলাদার, সেবা পরিদপ্তরের পরিচালক জাহানারা বেগম ও একই পরিদপ্তরের উপপরিচালক (শিক্ষা) ছবি রানী ধরকে বিবাদি করা হয়েছে। বাদি তাপসী ভট্টাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ১৯৮৪ সালে বাংলাদেশের সব ধরনের হাসপাতালের পুরুষ ও মহিলা নার্সদের সমন্বয়ে বাংলাদেশ ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন গঠন করা হয়। ছয় হাজার সদস্যের এ সংগঠনের আন্তর্জাতিক পরিচিতিও রয়েছে। এক নম্বর বিবাদি কোনো কাউন্সিল, সংবাদ সম্মেলন না করেই ঘরে বসে শুধু বাংলাদেশ শব্দটি বাদ দিয়ে 'ডিপ্লোমা নার্সেস অ্যাসোসিয়েশন' নামের অপর একটি সংগঠন প্রতিষ্ঠা করেন। আরজিতে আগামী ১৯ ডিসেম্বরের নির্বাচনকে অবৈধ ঘোষণা করে এর উপর নিষেধাজ্ঞা চান তাপসী। বাদির আইনজীবী প্রামাণিক আবদুর রব আদালতের এ আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/পিবি/এএল/এইচএ/২১৫০ ঘ.