২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এ বছর এইডসে মৃত্যু ৩৯

এইডসে এ বছর বাংলাদেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2009, 08:58 AM

Updated : 26 Aug 2022, 12:25 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এইডসে এ বছর বাংলাদেশে ৩৯ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক। মন্ত্রী জানান, এই বছর দেশে ২৫০ জন এইচআইভি আক্রান্ত হয়। এদের মধ্যে ১৪৩ জনের এইডস ধরা পড়ে। মঙ্গলবার এইডস দিবস উপলক্ষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রী আ ফ ম রুহুল হক সাংবাদিকদের কাছে এই পরিসংখ্যান তুলে ধরেন। এই বছর দিবসটির প্রতিপাদ্য 'সবার জন্য সুযোগ ও মানবাধিকার'। তিনি জানান, গত ২০ বছরে দেশে এইচআইভি আক্রান্ত ব্যক্তির সংখ্যা ১৭৪৫ জন। এর মধ্যে এইডস হয়েছে ৬১৯ জন এবং মারা গেছে ২০৪ জন। ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি ভাইরাস ধরা পড়ে। তিনি জানান, যারা শিরায় মাদক গ্রহণ করে তাদের মধ্যে আক্রান্তের হার শকতরা ৫ ভাগেরও বেশি। ঢাকায় কিছু এলাকায় এইচআইভি আক্রান্তের সংখ্যা কিছুটা বেড়েছে মন্তব্য করে তিনি বলেন, চলতি বছর ২৫০ জন এইচআইভিতে আক্রান্ত হয়েছে। প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. সৈয়দ মুদাচ্ছির আলী বলেন, সবাইকে একসঙ্গে মিলে এইডস প্রতিরোধে কাজ করতে হবে। এর পাশাপাশি প্রতিরোধমূলক যে সব রোগ দেশে আছে তা প্রতিরোধের জন্যও কাজ করতে হবে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতাদের উদ্দেশ্য করে তিনি বলেন, বদলি, টেন্ডারবাজি বা নিজের এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ না করে জনগণের জন্য কাজ করুন। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব শেখ আলতাফ আলী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/কিউএইচ/জিএনএ/১৪৫০ ঘ.