ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দ্বিতীয় দফা সময় বাড়ানোর পরেও ৭২টি জেলা কমিটির মধ্যে ৪৮টি জেলার সম্মেলন করতে পেরেছে বিএনপি।
মঙ্গলবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে দলের দপ্তর সম্পাদক রিজভী আহমেদ এই তথ্য জানান।
তিনি বলেন, পঞ্চম জাতীয় কাউন্সিলের কাউন্সিলরদের চূড়ান্ত তালিকা শেষ হয়েছে। সর্বমোট ২৫১২ জন কাউন্সিলর এ কাউন্সিলের যোগ দেবেন। নির্ধারিত সময় ৩০ নভেম্বরের মধ্যে ৭২টি জেলার মধ্যে ৪৮টি জেলায় কাউন্সিল সম্পন্ন হয়েছে। শতকরা হিসেবে এটা ৬৭ ভাগ।
উপজেলা, পৌরসভা ও থানা সম্মেলন হয়েছে শতকরা ৭০ ভাগ সম্মেলন শেষ হয়েছে বলেও জানান রিজভী।
৩০ নভেম্বর ছিলো বিএনপি'র জেলা পর্যায়ের সম্মেলন সম্পন্ন করার শেষ সময়।
সংবাদ ব্রিফিঙে দপ্তর সম্পাদক বলেন, যেসব জেলা ও থানা পর্যায়ে সম্মেলন হয়নি, সেখানে আহ্বায়ক কমিটির আহবায়ক ও ১ নং যুগ্ম আহ্বায়ক কাউন্সিলর হিসেবে যোগ দেবেন।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকা মহানগর কমিটি বাতিল করায় জাতীয় কাউন্সিলে সেই কমিটির কেউ প্রতিনিধিত্ব করতে পারবেন না। তবে মহানগরের থানা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে কাউন্সিলের প্রতিনিধিত্ব করবেন।
অপর এক প্রশ্নের জবাবে রিজভী জানান, কাউন্সিলরের বাইরে প্রতি সংসদ নির্বাচনী আসন থেকে ৪০ জন ডেলিগেট ৮ ডিসেম্বরের জাতীয় সম্মেলনে যোগ দেবেন। মোট ডেলিগেটের সংখ্যা হবে ১২ হাজার।
তৃণমূল পর্যায়ে দল পুনর্গঠনের অংশ হিসেবে গত ফেব্র"য়ারির প্রথম দিকে ৭৫টি জেলা কমিটি মধ্যে ৭২টি জেলার কমিটি ভেঙ্গে দিয়ে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়। বাকী তিনটি জেলার অর্থাৎ ঢাকা, মানিকগঞ্জ ও ঢাকা মহানগরের নতুন আহ্বায়ক কমিটি করা হয়নি।
জেলা কমিটি ভেঙ্গে দেওয়ায় ওয়ার্ড থেকে থানা পর্যন্ত সবগুলো কমিটি ভেঙ্গে নতুনভাবে আহবায়ক কমিটি করা হয়। এই সব কমিটি গঠন ও সম্মেলন অনুষ্ঠানে বিভিন্ন স্থানে সংঘর্ষ ও গোলোযোগ হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে যুবদলের সহ সভাপতি কাউয়ুম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম আজাদ, সাবেক ছাত্র নেতা নাসিরউদ্দিন অসীম, আবদুল মতিন জনি, মনির হোসেন, শামসুজ্জামান মেহেদি, বিএনপির সহকারি প্রচার সম্পাদক মহিউদ্দিন খান মোহন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ/জিএনএ/১৩০৪ ঘ.
bdnews24