ঢাকা, ডিসেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি'র শীর্ষ পদ চেয়ারপারসন নির্বাচন হবে আগামী ৮ ডিসেম্বর।
এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিল হবে মঙ্গলবার ও বুধবার (১ ও ২ ডিসেম্বর)। মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য দিন ৪ ডিসেম্বর।
৮ ডিসেম্বর দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে চেয়ারপারসন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার এক সংবাদ ব্রিফিঙে চেয়ারপারসন নির্বাচন-২০০৯ এর নির্বাচন কমিশনের সভাপতি টি এইচ খান এই নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
সংবাদ ব্রিফিংয়ে টি এইচ খান বলেন, "দলের বিদ্যমান গঠনতন্ত্র অনুযায়ীই চেয়ারপারসন পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। আমাদের গঠনতন্ত্রে কেবল চেয়ারপারসন পদে নির্বাচনের বিধান রয়েছে।"
তিনি জানান, মহাসচিবসহ বিভিন্ন পদে নির্বাচনের বিষয়ে কিছু সংশোধনী প্রস্তাব এসেছে। তা জাতীয় কাউন্সিলে চূড়ান্ত অনুমোদন হলে তা গঠনতন্ত্রে পরবর্তিতে সংযোজন করা হবে।
চেয়ারপারসন নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রিটার্নিং অফিসার হিসেবে জাতীয় স্থায়ী কমিটির সদস্য আর এ গনিকে ও সহকারি রিটার্নি অফিসার হিসেবে কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নানকে নিয়োগ দেওয়া হয়েছে।
মনোনয়নপত্র সকাল ১১টা থেকে বিকাল ৬টা পর্যন্ত নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে থেকে সংগ্রহ করে সেখানেই রিটার্নিং অফিসারের কাছে জমা দিতে পারবেন প্রার্থী নিজে অথবা তার মনোনীত এজেন্ট।
টি এইচ খান জানান, চেয়ারপারসন পদে নির্বাচনের জন্য প্রার্থীর বয়স নির্ধারণ করা হয়েছে সর্বনিু ৩০ বছর।
রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হওয়ার পর কিছুদিন আবদুস সাত্তার বিএনপির চেয়ারম্যান ছিলেন। পরে দলের ভাইস চেয়ারম্যান খালেদা জিয়া ১৯৮৩ সালে চেয়ারপারসনের পদে অধিষ্ঠিত হয়ে বিএনপির নেতৃত্ব নেন।
১৯৯৩ সালের ১ সেপ্টেম্বর বিএনপির চতুর্থ জাতীয় কাউন্সিলে খালেদা দ্বিতীয় দফা চেয়ারপারসন হিসেবে পুনর্র্নিবাচিত হন। এরপর দীর্ঘ ১৬ বছর দলের কাউন্সিল না হওয়ায় ওই পদে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।
সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে নির্বাচন কমিশনের সদস্য অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, সানাউল্লাহ মিয়া, সহকারি রির্টানিং অফিসার এম এ মান্নান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, খোরশেদ আলম, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, দপ্তর সম্পাদক রিজভী আহমেদ,বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ফজলুল হক মিলন প্রমূখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কিউএইচ
bdnews24