জয়পুরহাট, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুই গ্র"পের সংঘর্ষের মধ্য দিয়ে সোমবার জয়পুরহাট জেলা বিএনপির সম্মেলন শেষ হয়েছে।
সংঘর্ষের সময় কয়েকটি ককটেলের বিষ্ফোরণ হয়েছে। এ সময় অন্তত ১০ জন আহত হয়েছে। এর মধ্যে দু'জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।
সম্মেলনকে কেন্দ্র করে বিএনপি দুইটি অংশে বিভক্ত হয়ে পড়ে। এক অংশ জেলা আহ্বায়ক মোজাহার আলী প্রধান এবং অপর অংশ গোলাম মোস্তফার সমর্থক। এ দু'জনই জয়পুরহাট থেকে নির্বাচিত বিএনপি দলীয় সাংসদ।
গোলাম মোস্তফার সমর্থক হিসেবে পরিচিত সাবেক জেলা সভাপতি ফয়সল আলীম বলেন, বিকাল ৫টায় শহরের টাউন হলে সম্মেলন শুরু হলে তারা মিছিল নিয়ে যোগ দিতে যাচ্ছিলেন। কিন্তু পথে ইমু হাসপাতালের সামনে পৌঁছামাত্র মোজাহার আলী প্রধানের অনুসারীরা তাদের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়।
এ সময় ১০টি ককটেল বিষ্ফোরিত হয় বলেও আলীম জানান।
সাংসদ মোজাহার আলী প্রধান বলেন, কেন্দ্রীয় নির্দেশে সম্মেলন ডাকা হয়েছে। প্রতিপক্ষরাা সম্মেলন পণ্ড করার জন্য মিছিল নিয়ে আসার সময় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
তিনি বলেন, তার সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদীন ফারুক, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, রাজশাহী সিটির সাবেক মেয়র মিজানুর রহমান মিনু প্রমুখ।
সম্মেলন শেষে কোনো কমিটি ঘোষণা করা হয়নি জানিয়ে মোজাহার আলী প্রধান বলেন, কেন্দ্র থেকে আসা নেতারা ঢাকা যাওয়ার পর সেখান থেকে কমিটি ঘোষণা করা হবে।
সদর থানার ওসি রেজাউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোনো পক্ষ মামলা করেনি। তবে পুলিশ একটি সাধারণ ডায়েরি করেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪৫ ঘ.
bdnews24