২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রমে স্থগিতাদেশ

নবগঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রমের ওপর আপিল বিভাগ সাত দিনের স্থগিতাদেশ দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2009, 03:44 PM

Updated : 26 Aug 2022, 12:25 PM

চট্টগ্রাম, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রমের ওপর আপিল বিভাগ সাত দিনের স্থগিতাদেশ দিয়েছে। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই) এর সভাপতি সাংসদ এমএ লতিফের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার আপিল বিভাগের বিচারপতি এ বিএম খায়রুল হক এ স্থগিতাদেশ দেন। রিটের শুনানির দিন আগামী ৭ ডিসেম্বর ধার্য করেছে আদালত। চট্টগ্রাম চেম্বারের সচিব ওসমান গনি চৌধুরী একথা জানিয়েছেন। গত ২৪ নভেম্বর হাইকোর্ট চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিএমসিসিআই)-এর কার্যক্রম পরিচালনার ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করে। এর পরদিন থেকে মেট্রোপলিটন চেম্বার আনুষ্ঠানিকভাবে তাদের কার্যক্রম শুরু করে। ওই দিনই চট্টগ্রাম চেম্বার সংবাদ সম্মেলন করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে। এ বছরের ৬ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন লাভের পর সিএমসিসিআই মাত্র দুই মাস কার্যক্রম পরিচালনা করে। বন্দর নগরীর ব্যবসায়ীদের প্রাচীনতম সংগঠন সিসিসিআই নবগঠিত সিএমসিসিআইয়ের আইনি বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করায় আদালত গত মার্চে এ সংগঠনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। প্রায় আট মাস পর গত ২৪ নভেম্বর বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রিট আবেদন খারিজ করে দেয়। এর পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি আপিল বিভাগে একটি রিট আবেদন দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এফআই/এইচএ/২১৩৪ ঘ.