নাটোর, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুর উপজেলায় আওয়ামী লীগের দু' গ্র"পের মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
শনিবার রাতে উপজেলার আব্দুলপুরে আওয়ামী লীগের দুই দলের সংঘর্ষে জেলা নেতাসহ অন্তত আটজন আহত হয়েছেন। এ সময় সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের সাংসদ শেফালী মমতাজের বাড়িতে হামলা ও ভাঙচুর হয়।
এ ঘটনার জেরে রোববার সকালে আব্দুলপুর বাজারে একটি চালকলে আগুনে দেওয়া হয়।
এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ ও র্যাব মোতায়েন রয়েছে।
সংঘর্ষে আহত জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম আজাদ ও বাবুল আক্তারকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
লালপুর থানার ওসি তরিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, রাত ৮টার দিকে আবুল কালাম আজাদ আব্দুলপুর বাজারে দলের কর্মী-সমর্থকদের নিয়ে একটি চা দোকানে বসেছিলেন। এ সময় সাংসদ শেফালী মমতাজের সমর্থকরা লাঠিসোটা ও রড নিয়ে তাদের ওপর হামলা এবং দোকান ভাংচুর করে।
এরপরই আজাদের সমর্থকরা শেফালীর বাড়িতে হামলা চালিয়ে দুটি কক্ষ ভাঙচুর ও মালামাল তছনছ করে।
ওসি বলেন, রোববার সকালে শেফালীর সমর্থকরা বাজারের একটি চালকল পুড়িয়ে দেয় বলেও আবুল কালাম আজাদ অভিযোগ করেন।
দু'পক্ষই মামলা দায়েরের প্রস্তুতি শুরু করেছে বলে তিনি জানান।
শেফালী মমতাজের ছেলে সাগর আহম্মদ বলেন, তার মাকে হত্যার জন্য আবুল কালামের সমর্থকরা পরিকল্পিতভাবে তাদের বাসায় হামলা চালিয়েছে।
তাদের লোকজন আবুল কালামের ওপর হামলা চালায়নি বলেও তিনি দাবি করেন।
আবুল কালাম আজাদ বলেন, বহু মানুষের সামনে সাগরের ছেলেরা তাদের ওপর হামলা চালিয়েছে। তার কোনো সমর্থক সাংসদের বাড়িতে হামলা চালায়নি বলে তিনি দাবি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৬২৪ ঘ.
bdnews24