২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-আরিচা ও টাঙ্গাইল মহাসড়কে রাতে যানজট আরও তীব্র

ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে তৈরি হওয়া তীব্র যানজট রাতে আরও বেড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2009, 08:33 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ঢাকা-আরিচা, নবীনগর-কালিয়াকৈর ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বৃহস্পতিবার সকাল থেকে তৈরি হওয়া তীব্র যানজট রাতে আরও বেড়েছে। (আরও তথ্যসহ) রাত বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে যানজট। এতে ঈদে ঘরমুখো মানুষ সীমাহীন দুর্ভোগে পড়েছেন। এদিন সকাল থেকেই আমিনবাজার, নবীনগর, পল্লী বিদ্যুৎ, বাইপাইল, জামগড়া, শ্রীপুর ও জিরানীসহ মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দেখা দেয় প্রচণ্ড জট। জামগড়ায় তৈরি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে তা আরও বাড়ে। র্ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদেরও অনেককে লাঠি হাতে রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করতে দেখা যায়। রাত সাড়ে ১২টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সাভার প্রতিনিধি জানান, ঢাকা-আরিচা এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রাত বাড়ার সঙ্গে সঙ্গে গরু বহনকারী ট্রাক আসায় যানজট আরো বেড়ে যায়। যানবাহনের সারি কোথাও কোথাও দুই থেকে চার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক গোলাম মোর্তুজা অন্তু রাত দুইটায় গাবতলী বালুর মাঠে হানিফ পরিবহনের নিজস্ব টার্মিনাল থেকে জানান, সেখানে তখনো বিভিন্ন গন্তব্যের কমপক্ষে এক হাজার যাত্রী অপেক্ষা করছিলেন। নির্দিষ্ট সময়ের কয়েক ঘন্টা পরও কাঙ্খিত গন্তব্যের বাস টার্মিনালে এসে না পৌঁছালে যাত্রীরা একপর্যায়ে বিক্ষুব্ধ হয়ে উঠে। যাত্রীরা একজোট হয়ে কাউন্টার ভাংচুরের হুমকি দিলে হানিফের কর্মকর্তা-কর্মচারীরা বার বার ক্ষমা চেয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। একই সময় গাবতলী বাস টার্মিনালের চিত্রও ছিলো প্রায় একইরকম। সেখানেও নির্দিষ্ট গন্তব্যের যানবাহনের প্রতীক্ষায় রাস্তার উপর ও টার্মিনাল এলাকায় অপেক্ষা করছিলেন কয়েক হাজার নারী-পুরুষ ও শিশু। বিভিন্ন পয়েন্টে আটকে পড়া যাত্রীরা চরম বিরক্তি নিয়ে সময় পার করেন। বগুড়াগামী যাত্রীবাহী গাড়ির চালক শাকিল মিয়া বলেন, "ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকা থাকতে হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে বগুড়া পৌঁছাতে কাল (শুক্রবার) সকাল হয়ে যাবে।" সিরাজগঞ্জগামী বাসযাত্রী আনোয়ারা বেগম এবং জহুরুল হকসহ কয়েকজন যানজটে আটকে পড়ায় ছোট ছেলে-মেয়েদের নিয়ে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন বলে জানান। ট্রাফিক পুলিশের পরিদর্শক জাহিদ হোসেন বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ট্রাফিক পুলিশে জনবলের তুলনায় যানবাহনের চাপ বেশি থাকায় পরিস্থিতি মোকাবেলায় হিমশিম খেতে হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জিএমএ/ডিডি/এএনএস/০২২৮ ঘ.