ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুল্কমুক্ত কোটায় আমদানি করা হামার গাড়ি প্রতারণা করে নেওয়ার অভিযোগে এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমান বাপ্পীসহ চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে বৃহস্পতিবার মামলাটি করেন বিএনপির সাবেক সাংসদ হারুনর রশীদ।
হাকিম একেএম এমদাদুল হক বাদীর জবানবন্দি শেষে আগামী ৬ ডিসেম্বর আদেশ দেওয়ার দিন ধার্য করেন।
মামলার অন্য তিন আসামি হলেন তেজগাঁও থানার ওসি, উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম ও গোলাম রসুল।
আরজিতে বলা হয়েছে, ওই হামার গাড়িটির কারণে গত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ৬ মার্চ র্যাব হারুনর রশীদ, এনায়েতুর রহমান বাপ্পী ও ইসতিয়াক সাদেককে গ্রেপ্তার করে। সেইসঙ্গে হারুনের নামে করা ওই জিপের মূল কাগজপত্রও জব্দ করা হয়।
এ ব্যাপারে ওই সময় তিনজনের বিরুদ্ধে পল্লবী থানায় দণ্ডবিধি ও শুল্ক আইনে মামলা হয়। পরবর্তীতে হারুন হাইকোর্টে রিট করে মামলা থেকে খালাস পান।
অভিযোগে আরো বলা হয়, অভিযুক্ত বাপ্পী অন্য তিন আসামির যোগসাজশে প্রতারণার মাধ্যমে আদালতকে ভুল বুঝিয়ে নিজে গাড়ির জিম্মা নেন। অথচ গাড়িটির মালিক হলেন বাদী হারুনর রশীদ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/এসকে/২১৫৫ঘ.
bdnews24