নারায়ণগঞ্জ, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জ জেলা বিএনপি'র সম্মেলনে সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা হয়েছে।
সদর মডেল থানায় বুধবার রাতে দায়ের করা এ দুই মামলার বাদীরা হলেন স্বেচ্ছাসেবক দলের নেতা ফারুক হোসেন ও পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু।
ফারুক হোসেনের মামলায় সাবেক সাংসদ সিরাজুল ইসলাম, বিএনপির পাল্টা পৌর কামিটির সভাপতি নুরুল ইসলাম সরদার, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপু, আনোয়ার প্রধান, কাজী রুবায়েত সায়েম, আকরাম প্রধান, স্বপন চৌধুরী, আওলাদ হোসেন, ইসমাইল হোসেন, আয়েশা বেগম দিনা, রহিমা আক্তার মায়াসহ ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দেড় শ' জনকে আসামি করা হয়।
এজাহারে অভিযোগ করা হয়, শহরের আলী আহমদ পৌর পাঠাগারে জেলা বিএনপি'র দ্বি-বার্ষিক সম্মেলন চলাকালে আসামিরা মিছিল নিয়ে এসে হামলা চালায় এবং নেতা-কর্মীদের মারধর করে। নেতা-কর্মীদের টাকাপয়সা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়।
অপর মামলায় পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক হাসান আহম্মেদ, পৌর কাউন্সিলর মাকসুদুল আলম খন্দকার খোরশেদ, নুরুল হক চৌধুরী দিপু, মাসদু রানা, রানা মুজিব, জয়নাল আবেদীন, মোয়াজ্জেম হোসেন মনার নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪০/৫০ জনকে আসামি করা হয়।
এই অভিযোগে বলা হয়, আলী আহম্মদ পৌর পাঠাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করার জন্য মিছিল নিয়ে যাওয়ার সময় শহরের ২ নম্বর রেলগেইট এলাকায় আসামিরা হামলা চালিয়ে তাদের মারধর করে, টাকাপয়সা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। এতে ১৫ নেতা-কর্মী আহত হন।
নারায়ণগঞ্জ সদর থানার ওসি আকতার হোসেন বলেন, দু'পক্ষের অভিযোগ মামলা হিসেবে নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এরপর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কাউকে গ্রেপ্তার করা হয়নি।
ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্যে দিয়ে বধুবার বিএনপির নারায়ণগঞ্জ জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে পৌর পাল্টা কমিটি সম্মেলন প্রতিহত করার ঘোষণা দিয়ে সম্মেলন স্থলের দিকে অগ্রসর হলে দু'পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত ২০ জন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৭ ঘ.
bdnews24