ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- একশ' কোটি টাকা ক্ষতিপূরণের মামলায় বাদি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর আরজি খারিজ চেয়ে সাবেক সেনা প্রধান মঈন উ আহমেদের আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ঢাকার তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে শুনানি শেষে বিচারক এস এম সাইফুল ইসলাম আগামী ১০ জানুয়ারি এ বিষয়ে আদেশের জন্য দিন রেখেছেন।
বুধবার মামলার বিবাদি জেনারেল মঈনের আইনজীবী কামরুল হক সিদ্দিকী আদালতে শুনানিতে বলেন, মামলাটি তামাদি আইন অনুযায়ী সঠিক সময়ে করা হয়নি। তাই মামলাটি অচল। অন্যদিকে টুকুর আইনজীবী ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, তারা যথাযথ আইনি পদ্ধতি অনুসরণ করেই মামলা করেছেন।
সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ২০০৭ সালের ২৭ মার্চ মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে জেনারেল মঈন এর আগের বিএনপি সরকারের আমলে বিদ্যুৎ খাতে বিশাল দুর্নীতি হয়েছে বলে মন্তব্য করেন। সেখানে তাকে কটাক্ষ করে মঈন বিদ্যুৎ মন্ত্রণালয়ের মিথ্যা দুনীতির তথ্য দিয়েছেন দাবি করে মানহানির অভিযোগে এ ক্ষতিপূরণ মামলা করেন টুকু। গত ১২ জুলাই আদালতে মামলাটি দায়ের করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এসকে/১৮৪৮ঘ.
bdnews24