মিন্টু চৌধুরী
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
চট্টগ্রাম, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কোরবানির পশুর হাট জমে ওঠলেও বিক্রি কম। দাম বেশি এবং শহরে রাখার জায়গার অভাবে ক্রেতারা হাটে আসলেও গরু কিনছে না।
কোরবানির এক/দুইদিন আগে ক্রেতারা গরু কিনবেন বলে নগরীর বিভিন্ন হাট ঘুরে গরুর ব্যাপারি, হাট ইজারাদার ও হাটে আসা ক্রেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।
তবে কোরবানির ৫ দিন আগেও পশুরহাট জমে না ওঠায় ব্যাপারি ও হাট ইজারাদাররা কিছুটা হতাশ। ইজারাদাররা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালীদের ইজারা ছাড়া হাট বসানোর কারণে বিক্রি গত বছরের তুলনায় কমে যাবে তারা মনে করছেন।
এবার নগরীতে সিটি করপোরশনের নিয়ন্ত্রণে সাতটি গরুর হাট বসেছে। সেগুলো হলো - সাগরিকা, বিবিরহাট, সল্টগোলা, স্টিল মিল, পতেঙ্গা সিটি করপোরেশন উচ্চ বিদ্যালয় মাঠ, সিডিএ'র কল্পলোক আবাসিক এলাকা মাঠ ও কমল মহাজন হাট।
এর মধ্যে সাগরিকা ও বিবিরহাট ছাড়া বাকী পাচঁটি অস্থায়ী হাট। স্থায়ী বাজার হিসেবে সপ্তাহে দু'দিন হাট বসার কথা থাকলেও শনিবার থেকে কোরবানির আগের দিন পর্যন্ত প্রতিদিন গরু বিক্রির ঘোষণা দিয়েছে বিবিরহাট ও সাগরিকা বাজার কমিটি।
নগরীর বৃহৎ গরুর হাট বিবিরহাট, সাগরিকা ও শাহ আমানত সেতু সংলগ্ন বাজার ঘুরে দেখা গেছে, ক্রেতারা এসে গরু দেখে দরদাম করলেও কিনছেন না।
নগরীর আসকার দীঘিরপাড় থেকে সোমবার দুপুরে সাগরিকা গরুর হাটে আসা ক্ষুদ্র ব্যবসায়ী মইনুল ইসলাম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত বছরের চেয়ে এবার দাম বেশি। দাম কমার আশায় তিনি এখনো গরু কিনছেন না "
অপরদিকে শহরে রাখার জায়গা না থাকায় গরু কিনছেন না বলে জানান নগরীর হালিশহর থেকে আসা ব্যাংক কর্মকর্তা মুলকুতুর রহমান।
তিনি বলেন, "বাজার যাচাই করছি। আগামী বৃহস্পতি বা শুক্রবার গরু কিনব।"
২ ট্রাক গরু নিয়ে পাবনা থেকে বিবিরহাট বাজারে আসা গরু ব্যাপারি নুর মোহাম্মদ বলেন, "!ক্রেতা কম, দাম বেশি ওঠছে না তাই বিক্রি নেই।"
শেষ দুদিন ভাল দাম পাওয়া যাবে এবং সব গরু বিক্রি হবে বলে তিনি আশা করেন।
বিবিরহাট বাজারের ইজারাদার সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রামের স্থানীয়রা সপ্তাহের নির্ধারিত হাটবারেই গরু কিনতে অভ্যস্ত। এটিও বাজারে ক্রেতা কম হওয়ার একটি কারণ।"
এবারে অন্যান্য বছরের তুলনায় গরুর দাম কিছুটা বেশি উল্লেখ করে তিনি বলেন, "হাট ইজারা দর এবং যানবাহন ব্যয় বাড়ার ফলে গরুর দাম এ বছর কিছুটা বাড়তি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৬৫৬ ঘ.
bdnews24