কুষ্টিয়া, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কুমারখালি উপজেলায় মঙ্গলবার রাতে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' এক চরমপন্থি নিহত হয়েছেন।
নিহত তাইজুল ইসলাম ওরফে তাজু (৩৬) চরমপন্থী সংগঠন নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টি নেতা ছিলেন বলে কুমারখালি থানার ওসি আতিয়ার রহমান জানান।
তিনি বলেন, রাত পৌনে ১১টায় উপজেলার হাবাসপুর দক্ষিণচর গ্রামের শিলাইদহ ডেইরি ফার্ম সংলগ্ন একটি কলাবাগানে সশস্ত্র চরমপন্থীরা গোপন বৈঠক করার খবর পেয়ে কুষ্টিয়ার গোয়েন্দা ও কুমারখালি থানা পুলিশ সেখানে যায়। এ সময় তারা পুলিশের প্রতি গুলি ছুঁড়লে পুলিশও পাল্টা গুলি চালায়। কিছুক্ষণ 'বন্দুকযুদ্ধের' পর তাজু মারা যান।
ঘটনাস্থল থেকে একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা বলেন, তাজুর বিরুদ্ধে কুমারখালি থানায় হত্যাসহ চারটি মামলা ও চারটি সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১০৬ ঘ.
bdnews24