চট্টগ্রাম, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বান্দরবানের দুর্গম লামা উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে জোরপূর্বক বিয়ে করার চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় এক ব্যক্তিকে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।
সেইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক এম আর আল আজাদ এ দণ্ডাদেশ দেন।
সাজাপ্রাপ্ত আসামি হলেন- মো. শাহজাহান। তার বাড়ি বান্দরবানের লামা থানাধীন বনপুর বাজার পাড়ায়। বাবার নাম নুর হোসেন মজুমদার। বর্তমানে তিনি কারাগারে আটক আছেন।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই কিশোরীকে গভীর রাতে বাড়ি থেকে অপহরণের পর বিয়ের চেষ্টার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় বিচারক সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেন।
মামলার এজাহারে বলা হয়, ২০০৩ সালের ৪ ডিসেম্বর মধ্যরাতে লামা উপজেলার বনপুর বাজার গ্রামের বাসিন্দা নজীর আহম্মদের ষোল বছর বয়সী কিশোরী কন্যা রেহানা বেগমকে বাড়ি থেকে দুর্বৃত্তরা অপহরণ করে। ঘটনার পরদিন তার বাবা বাদি হয়ে লামা উপজেলায় একটি মামলা দায়ের করেন।
২০০৪ সলের ১৬ অক্টোবর এ মামলায় অভিযোগ গঠন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২১৩০ ঘ.
bdnews24