২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর নামে আবার প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তার জন্মভূমি গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আবার শুরু হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 03:09 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে তার জন্মভূমি গোপালগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ আবার শুরু হচ্ছে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৯১ কোটি টাকা ব্যয়ে এ সংক্রান্ত প্রকল্পসহ প্রায় ৪০০ কোটি টাকার মোট ৭টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, "বিগত আওয়ামীলীগ সরকারের সময়ে একনেকের জাতির জনকের নামে তার জন্মভূমি গোপালগঞ্জে 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়' স্থাপন সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে বিএনপি-জামায়াত জোট সরকার সে প্রস্তাব বাতিল করে দেয়।" বর্তমান সরকার আগের সেই প্রস্তাব নতুন করে অনুমোদন দিয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি জানান, বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজ চলতি বছরের অক্টোবরে শুরু হয়েছে। আর শেষ হবে ২০১৩ সালে। রাজধানীর শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কেন্দ্রে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্য যে ছয়টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে- ১৩০ কোটি টাকা ব্যয়ে দেশের ২০টি জেলায় জেলা রেজিষ্ট্রি ও ৬৩টি উপজেলায় সাব-রেজিষ্ট্রি অফিস নির্মাণ প্রকল্প, ৩৮ কোটি টাকা ব্যয়ে সিরাজগঞ্জ-রায়গঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্প, ৩৩ কোটি টাকা ব্যয়ে নজিপুর-ধামুরহাট-জয়পুরহাট সড়ক নির্মাণ প্রকল্প, ২৯ কোটি টাকার বাংলা একাডেমী ভবন নির্মাণ, ৪২ কোটি টাকার খালিয়াজুড়ি বন্যা নিয়ন্ত্রণ নিষ্কাশন এবং ৩১ কোটি টাকার ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ স্থাপন প্রকল্প। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এসকে/২০৫৭ঘ.