২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে ৩ দিনে ১৪৭ ভূয়া পরীক্ষার্থী সনাক্ত

নাটোরে গত তিনদিনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪৭ জন ভূয়া পরীক্ষার্থী সনাক্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 02:11 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

নাটোর, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাটোরে গত তিনদিনে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ১৪৭ জন ভূয়া পরীক্ষার্থী সনাক্ত হয়েছে। এদের সবাই বেসরকারি সংগঠন (এনজিও) পরিচালিত বিভিন্ন বিদ্যালয়ের পরীক্ষার্থী। রোববার থেকে দেশজুড়ে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। সারা দেশের ৫ হাজার ৩৪৩টি কেন্দ্রে ১৯ লাখ ৮০ হাজার ১৮০ শিশু শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। পরীক্ষার্থীদের মধ্যে ছাত্র ৯ লাখ ৯ হাজার ৯৮৪ এবং ছাত্রী ১০ লাখ ৭০ হাজার ১৯৬। নাটোরে হাতেনাতে ধরা পড়ার পরেও রহস্যজনক কারণে মঙ্গলবার পর্যন্ত ভূয়া পরীক্ষার্থী ও সংগঠনের বিরুদ্ধে কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় জানায়, নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১২২ জন, লালপুর উপজেলায় ২৩ জন, গুরুদাসপুর উপজেলায় এক জন ও সদর উপজেলায় একজন ভূয়া পরীক্ষার্থী সনাক্ত হয়েছে। বড়াইগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলার গৌরিপুর, শ্রীরামপুর মধ্যপাড়া, সরিষাহাট দক্ষিণপাড়া, শ্রীরামপুর মৎসজীবীপাড়া, রামেশ্বরপুর মসজিদপাড়া ও খোকশা আনন্দ বিদ্যালয়ের ১২২ জন পরীক্ষার্থী এবার সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধিত হয়েছে। অনুসন্ধানে জানা গেছে নিবন্ধিত সব পরীক্ষার্থীই ভূয়া। তাদেরকে প্রবেশপত্র নেওয়ার জন্য স্বশরীরে হাজির হতে বলা হলে তারা কেউই হাজির হয়নি। ধরা পড়ার সম্ভাব্য ঝামেলা এড়াতেই তারা প্রবেশপত্র নিতে আসেনি বলে মিজানুর রহমান জানান। এদিকে সমাপনী পরীক্ষার প্রথম দিনে লালপুর উপজেলার লালপুর মডেল স্কুল কেন্দ্রে ২৩ জন ভূয়া পরীক্ষার্থীকে হাতেনাতে ধরা হয়। ধরা পড়ার পর তারা নিজেদের অপরাধ স্বীকারও করেছে। মঙ্গলবার ইংরেজী পরীক্ষায় গুরুদাসপুর উপজেলার নাজিরপুর দ্বীমুখী উচ্চবিদ্যালয় কেন্দ্রের ১০নং কক্ষ থেকে মিনা নামের একজন ভূয়া পরীক্ষার্থী (রোল-৪৬৬) সনাক্ত হয়। মোবাইলে তার ছবিও তুলে রাখা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক পরিদর্শক বলেন, ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয় প্রভাবশালীদের চাপে তাকে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এদের মধ্যে একজন বিবাহিত নারীও রয়েছেন। এই কেন্দ্রের সচিব ফরিদ মণ্ডলের সঙ্গে তার মোবাইল ফোনে (০১৭১৮-৪৪২৪১২) বারবার চেষ্টা করেও যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে গুরুদাসপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা ভূয়া পরীক্ষার্থী সনাক্তের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, পরীক্ষার্থীদের সনাক্ত করা গেলেও তাদের আটক করা যায়নি। পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা কেন্দ্র ত্যাগ করেছে। জেলার প্রতিটি উপজেলা শিক্ষা কার্যালয়ে যোগাযোগ করে জানা গেছে, সনাক্ত হওয়া ভূয়া পরীক্ষার্থী ও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মঙ্গলবার পর্যন্ত কোন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। যারা প্রকৃত ছাত্রের নামে পরীক্ষা দিতে কেন্দ্রে এসে ধরা পড়েছে তাদেরকে আইন প্রয়োগকারী সংস্থার হাতেও তুলে দেওয়া হয়নি। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান বলেন, সনাক্ত হওয়া সব পরীক্ষার্থী বিভিন্ন বেসরকারি সংগঠন পরিচালিত আনন্দ স্কুলের শিক্ষার্থী হিসেবে নিবন্ধিত হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে এ পর্যন্ত কোন ব্যবস্থা না নেওয়ার কথা স্বীকার করে তিনি বলেন, যারা প্রকৃত শিক্ষার্থী তারা বয়সে ছোট হওয়ায় তাদের বিরুদ্ধে মানবিক কারণে কোন ব্যবস্থা নেওয়া হয়নি। তবে তাদের হয়ে যারা পরীক্ষায় দিতে এসেছে তাদের বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ কী ব্যবস্থা নেওয়া যায় তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একইসঙ্গে ওইসব শিক্ষার্থীদের বিদ্যালয়গুলো কালো তালিকাভুক্ত করে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জেলা শিক্ষা কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৯ ঘ.