রাজশাহী, নভেম্বর ২৪ (বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম)- রাজশাহী-ঢাকা রেলপথে নতুন একটি আন্তনগর ট্রেন চালু হয়েছে।
সোমবার রাত সোয়া ১১টায় ধূমকেতু এক্সপ্রেস নামের নতুন এই ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ছেড়ে যায়।
রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ট্রেনটি উদ্বোধন করেন।
মেয়র বলেন, "এ ট্রেন চালুর ফলে ঢাকার সঙ্গে রাজশাহীর যোগাযোগ ব্যবস্থায় আরও একটি উন্নততর ধাপ উন্মোচিত হলো।"
উদ্বোধনের সময় পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা ব্যবস্থাপক (জিএম) এ কে এম মুশফিকুর রহমানসহ রেল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুশফিকুর রহমান জানান, ধূমকেতু এক্সপ্রেস সপ্তাহে ছয়দিন রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে রাত সোয়া ১১টায় ছেড়ে ভোর ৪টা ৪০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশনে পৌঁছাবে।
আবার কমলাপুর থেকে ভোর ৫টা ৩৫ মিনিটে ছেড়ে সকাল ১১টা ৫ মিনিটে রাজশাহী পৌঁছবে।
ট্রেনটি যাত্রাপথে নাটোরের আব্দুলপুর, পাবনার চাটমোহর ও বড়াল ব্রিজ, সিরাজগঞ্জের সদানন্দপুর, বঙ্গবন্ধু সেতু (পশ্চিম), গাজীপুরের জয়দেবপুর এবং জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর রেল স্টেশনে বিরতি দেবে।
তবে রাজশাহী থেকে সোমবার এবং ঢাকা থেকে মঙ্গলবার ট্রেনটি চলাচল করবে না।
৭৯৮ আসনের এ ট্রেনে শীততাপ নিয়ন্ত্রিত বার্থ এবং চেয়ার কোচ। ট্রেনটির সর্বনিু টিকিটের মূল্য ১৬৫ টাকা।
এদিকে, পশ্চিমাঞ্চল রেলওয়ের কর্মকর্তারা জানান, ঈদুল আযহা উপলক্ষে গত ২১ নভেম্বর থেকে ঈদ বিশেষ ট্রেন চলাচল শুরু হয়েছে।
সাপ্তাহিক ছুটি ছাড়াই রাজশাহী থেকে সব রুটে চলাচলকারী আন্তনগর ট্রেনগুলো চলাচল করবে ঈদের আগের দিন পর্যন্ত। পরে ঈদের পর আবার স্বাভাবিক নিয়মে চলবে।
তবে ঈদের দিন কোনো ট্রেন চলাচল করবে না।
বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৯৩৩ ঘ.
bdnews24