২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্যাতনের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

ক্যাম্পাসে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মঙ্গলবার মানববন্ধন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্যাম্পাসে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদ ও জড়িতদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি মঙ্গলবার মানববন্ধন করেছে। অপরাজেয় বাংলার পাদদেশে দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এ কর্মসূচি পালিত হয়। সাংবাদিকদের অভিযোগ, ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের ওপর নির্যাতন চালাচ্ছে। মানববন্ধনের পরে সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শাহজাহান শুভ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নির্যাতকদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি দাবি জানায়। তিনি বলেন, নির্যাতনকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় বারবার ক্যাম্পাসে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। সমাবেশে বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক রিয়াদুল করিম, যুগ্ম সম্পাদক নাজমুল হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক সোহেল মামুন, দপ্তর সম্পাদক সোলায়মান তুষার ও কার্যনিবার্হী সদস্য জামাল উদ্দিন জামি। গত রোববার বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় সংবাদ সংগ্রহের সময় বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিবেদক সাইফুল ইসলাম জুয়েল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহীদুজ্জামানের ওপর হামলা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২০ ঘ.