২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর রাস্তায় পশুর হাট বন্ধে নোটিশ

ঢাকার রাস্তায় ও উন্মুক্ত স্থানে বসানো কোরবানীর পশুর হাট বন্ধ করার জন্য পুলিশকে উকিল নোটিশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 10:03 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ঢাকার রাস্তায় ও উন্মুক্ত স্থানে বসানো কোরবানীর পশুর হাট বন্ধ করার জন্য পুলিশকে উকিল নোটিশ দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী মনজিল মোরসেদ মঙ্গলবার পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারকে এই নোটিশ পাঠিয়েছেন। ২৪ ঘন্টার মধ্যে এসব হাট বন্ধ না করা হলে তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে। উকিল নোটিশে বলা হয়েছে, গত ২৯ জুন হাইকোর্ট এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে মহানগরের রাস্তায় ও উন্মুক্ত স্থানে পশুর হাট না বসানোর জন্য সরকারকে নির্দেশ দিয়েছিল। এতে আরও বলা হয়েছে, সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী সিটি করপোরেশনের অনুমতি ছাড়াই ঢাকার রাস্তায় ও অনেক জায়গায় গরুর হাট বসানো হয়েছে। কিন্তু হাইকোর্টের রায় অনুযায়ী এসব হাট বন্ধের জন্য কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এটি হাইকোর্টের রায়ের লংঘন ও আদালত অবমাননার সামিল। মনজিল মোরসেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের মহাপরিদর্শক ও ঢাকা মহানগর পুলিশ কমিশনারের প্রতি ফ্যাক্সযোগে এই নোটিশ পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৫৫৫ঘ.