২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে আর্থিক লেনদেনে নিরাপত্তা দেবে ডিএমপি

এবারও ঈদের সময় সব ধরণের টাকার লেনদেন ও স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে মহানগর পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2009, 05:24 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারও ঈদের সময় সব ধরণের টাকার লেনদেন ও স্থানান্তরে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দিয়েছে মহানগর পুলিশ। পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার জানানো হয়েছে, যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান প্রয়োজন মনে করলে মহানগর পুলিশের এসকর্ট চাইতে পারেন। তবে যানবাহনের ব্যবস্থা তাদের নিজেকে করতে হবে। এসকর্ট প্রত্যাশীদের সংশ্লিষ্ট থানা বা পুলিশ কন্ট্রোল রুমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদে বাড়িফেরতা মানুষের চলাচল সহজ ও স্বাভাবিক করতেও বেশ কিছু পদক্ষেপ নিয়েছে মহানগর পুলিশ। পশুর হাট ও বিপনীবিতানসহ বিভিন্ন স্থানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদাপোশাকের পুলিশ, বিশেষ ট্রাফিক ব্যবস্থা, লঞ্চ-বাস টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া ভেজাল খাদ্য বিরোধী অভিযান, কাগজপত্রবিহীন যানবাহন সনাক্ত, অতিরিক্ত ভাড়া আদায় ও অতিরিক্ত যাত্রী-মালামাল পরিবহন বন্ধে পুলিশ কাজ করবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এসব বিষয়ে কারও কোন অভিযোগ থাকলে পুলিশ কন্ট্রোল রুম ০২ ৯৬৬৫৪০৭, ০১৭১৩৩৯৮৩১১ নাম্বারে জানানোর অনুরোধ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এসকে/২৩১৮ঘ.