ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অডিও-ভিডিওসহ বেশ কিছু নতুন বৈশিষ্ট্য নিয়ে আসা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নতুন রূপের আনুষ্ঠানিক উন্মোচন হবে আর কিছুক্ষণের মধ্যে।
বেলা ১২টায় রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বঙ্গভবনে এক অনুষ্ঠানে নতুন আঙ্গিকে তৈরি সাইটটির উদ্বোধন করবেন।
শুধু রূপে নতুন নয়। বাড়ছে বিষয়ের পরিধিও। এখন থেকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে কলামনিস্টদের মত প্রকাশ শুরু হলো। সুনির্দিষ্ট ও তথ্যভিত্তিক (ঘটনার) খবরের পাশপাশি পাঠকের মতামত প্রকাশের সুযোগ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে আগে থেকেই ছিল। এখন নতুন যোগ হলো কলামনিস্টদের মত প্রকাশের ব্যবস্থা।
নতুন রূপের সাইটে অডিও-ভিডিও কন্টেন্ট প্রদানের আধুনিক সুবিধা সংযুক্ত করা হয়েছে। টেক্সট ও ছবির পাশপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনা ও সাক্ষাতকারের ভিডিও এবং অডিওও মিলবে এখন থেকে।
বাংলাদেশে 'সাংবাদিকতার মুখ বদলে দেওয়া' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এখন সর্বাধিক পঠিত বাংলা ওয়েবসাইট।
মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি সার্ভারের সর্বশেষ হিসেবে গত ৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট একমাসে চার লাখ ৩০ হাজারের বেশি আইপি- ঠিকানা থেকে সাইটটি খোলা হয়েছে।
প্রতিমাসে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের দেড়কোটি পাতা পড়ে থাকেন দেশ-বিদেশের অসংখ্য পাঠক।
মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপসহ দূরপ্রাচ্যের প্রবাসী ও দেশে অবস্থানকারী বিদেশিসহ সংবাদপত্রটির পাঠকের পরিধি তৃণমূল পর্যন্ত বিস্তৃত। তবে মোট পাঠকের প্রায় ৮৫ শতাংশই বাংলাদেশ থেকে বসে সাইটটি ক্লিক করে থাকেন।
দ্বিভাষিক সংবাদ প্রতিষ্ঠান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেশের প্রথম অনলাইন সংবাদপত্র। ২০০৬ সালের ২২ অক্টোবর মধ্যরাত অর্থাৎ ২৩ অক্টোবর থেকে এটি অনলাইন সংবাদপত্র রূপে আত্মপ্রকাশ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএনএ/০৯৪৪ ঘ.
bdnews24