চট্টগ্রাম, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর মাঝিরঘাট এলাকার কয়েকটি গুদামে রোববার গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
আগুনে নুর ট্রেডিং, মানিক এন্টারপ্রাইজ, শাহ ট্রেডিং, যমুনা এগ্রো,আবুল কালাম মাঝি নামে পাঁচটি পণ্য গুদামের প্রায় ২ কোটি টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
রোববার গভীর রাত দেড়টার দিকে আগুন লাগে এবং সোমবার দুপুর দুইটার দিকে তা নিয়ন্ত্রণে আনা হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের কর্মী বিশ্বান্তর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত দেড়টার দিকে নুর ট্রেডিং থেকে আগুন লাগে বলে জানা যায়। তবে কী থেকে আগুন লাগে তা জানা যায়নি।
আগুনে ওই পাঁচটি গুদামে রাখা বিপুল পরিমাণ ফ্লোর ম্যাট, গুঁড়ো দুধ, চাল, ধুপ, মুরগীর খাদ্য ও রাসায়নিক দ্রব্য পুড়ে গেছে উল্লেখ করে তিনি জানান, পুড়ে যাওয়া পণ্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।
ফায়ার সার্ভিসের ১৩ টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর ২ টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এসকে/২২৫১ঘ.ু
bdnews24