মৌলভীবাজার, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের চিফ হুইপের স্বাক্ষর ও সিল জাল করার অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহজীবাজার থেকে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আলতাফুর রহমান উপজেলার জিলাদপুর গ্রামের হাজী এছাক মিয়া-হাজেরা বেগম মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ওই গ্রামের প্রয়াত এছাক মিয়ার ছেলে।
শ্রীমঙ্গল থানার ওসি মো. এনামুল মনোয়ার জানান, বিদ্যালয়ের মাঠ ভরাট ও ভিটা নির্মাণের জন্য দুই হাজার ঘনফুট বালু উত্তোলনের অনুমতি চেয়ে আলতাফুর রহমান গত ৩০ সেপ্টেম্বর চিফ হুইপ মো. আব্দুস শহীদ বরাবর একটি আবেদন করেন।
পরে চিফ হুইপের স্বাক্ষর ও সিলসহ আবেদনপত্রটি তিনি নিজে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে দেন।
ওসি বলেন, যে তারিখে ওই আবেদনপত্রে চিফ হুইপের স্বাক্ষর ও সিল দেওয়া সেই তারিখে তিনি সরকারি সফরে বিদেশে ছিলেন।
সোমবার এ খবরটি জানাজানি হলে চিফ হুইপ তাৎক্ষণিকভাবে আলতাফুর রহমানকে আটক করার নির্দেশ দেন।
আলতাফুর রহমান নিজেকে ক্ষমতাসীন দলের নেতা পরিচয় দিয়ে এবং চিফ হুইপের নাম করে দীর্ঘদিন ধরে নানা অপরাধ করে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৫৬ ঘ.
bdnews24