ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তত্ত্বাবধায়ক সরকারের আমলে বসুন্ধরা গ্র"পের সহযোগী প্রতিষ্ঠান মেঘনা সিমেন্টের কাছ থেকে নেওয়া ৫২ কোটি টাকা কেন ফেরত দেওয়া হবে না তার কারণ জানতে চেয়ে হাইকোর্ট সরকারের প্রতি রুলনিশি জারি করেছে।
পাশাপাশি এই টাকা নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের অর্থ সচিব, ডিজিএফআইয়ের মহাপরিচালক, বাংলাদেশ ব্যাংক ও জনতা ব্যাংককে তারও কারণ জানাতে বলা হয়েছে।
সোমবার বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মামনুন রহমানের বেঞ্চ মেঘনা সিমেন্টের পক্ষে দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেয়।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রফিক উল হক।
রিট আবেদনে বলা হয়েছে, ২০০৭ সালের ১৫ মে মেঘনা সিমেন্টের কাছ থেকে ৪০ কোটি টাকা ও একই বছরের ২২ মে ১২ কোটি টাকা 'জোর করে' নেওয়া হয়েছে। টাকা দেওয়ার জন্য সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর চার কর্মকর্তা ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা মোস্তফা কামাল মহিউদ্দিনকে নির্যাতন করেছেন বলে এতে দাবি করা হয়।
রিট আবেদনে উল্লেখ করা হয়েছে জনতা ব্যাংকের পে অর্ডারের মাধ্যমে সরকারের কোষাগারে ২০০৭ সালের ২৯ মে ওই টাকা জমা হয়।
আবেদনটির বিরোধিতা করে সরকার পক্ষে বক্তব্য দেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নাহিদ মাহতাব ও সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।
তারা আদালতে বলেন, এই রিট আবেদনে হলফনামায় স্বাক্ষর করেছেন বসুন্ধরার মালিক। কিন্তু তিনি আইনের দৃষ্টিতে পলাতক। কোনো পলাতক রিট আবেদনে হলফনামা করতে পারেন না।
আদেশের পর সহকারী অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টাকা নেওয়া কেন অবৈধ ঘোষণা করা হবে না ও তা কেন ফেরত দেওয়া হবে না, জানতে চেয়ে আদালত রুলনিশি জারি করেছে।
সেনা-সমর্থিত বিগত তত্ত্বাবধায়ক সরকারের দু'বছরের শাসনকালে দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে কর ফাঁকি ও অবৈধ উপার্জনসহ বিভিন্ন ধরণের অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এককালীন আর্থিক 'জরিমানা' করা হয়েছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/১৬৪২ঘ.
bdnews24