২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উর্দুভাষী বিহারীদেরও সমঅধিকার পাওয়া উচিত: মরিয়ার্টি

ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উর্দুভাষী বিহারীদেরও বাঙালিদের মতো সমঅধিকার পাওয়া উচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 12:50 PM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী উর্দুভাষী বিহারীদেরও বাঙালিদের মতো সমঅধিকার পাওয়া উচিত। সোমবার রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প পরিদর্শনের পর রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। (বিস্তারিত) জেনেভা ক্যাম্পে প্রায় ২৫ হাজার উর্দুভাষী বিহারী বসবাস করছে। তারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানকে সমর্থন দিয়েছিল। এমনকি পাকিস্তানী হানাদার বাহিনীর আত্মসমর্পণের পরও এই বিহারীরা অনেক বাঙালিকে হত্যা করে। 'আটকেপড়া পাকিস্তানী' হিসেবে পরিচিত উর্দুভাষী বিহারীরা বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে। ক্যাম্প পরিদর্শনের পর মরিয়ার্টি সাংবাদিকদের বলেন, "এই উর্দুভাষীদের বাংলাদেশের নাগরিকত্ব দেওয়ার হাইকোর্টের রায়ের পর কী ঘটেছে তা দেখার জন্য আমি এখানে এসেছিলাম। আমি এটা দেখে উৎসাহিতবোধ করছি যে তারা এদেশে সমাজের মূলধারায় সম্পৃক্ত হতে আগ্রহী।" হাইকোর্ট ২০০৮ সালের ১৮ মে বাংলাদেশের ১১৬ টি ক্যাম্পে বসবাসরত ১ লাখ ৬০ হাজার উর্দুভাষী 'আটকেপড়া পাকিস্তানীর' মধ্যে যারা একাত্তরের মুক্তিযুদ্ধের সময় নাবালক ছিল বা এর পরে জন্ম নিয়েছে তারা বাংলাদেশের নাগরিক বলে রায় দেয়। আইন অনুযায়ী তারা ভোটার তালিকায় অন্তর্ভুক্তিসহ নাগরিক সুবিধা পাওয়ার যোগ্য বলেও অভিমত দেয় আদালত। পাশাপাশি রিটকারী ১১ 'আটকেপড়া পাকিস্তানী' নাগরিককে সরাসরি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। ওই রায়ের পর এসব শরণার্থী ক্যাম্পে বসবাসরত অধিকাংশ উর্দুভাষী ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়। কিন্তু এখনো তাদের অনেকেই ভোটার হতে পারেনি। বিহারীদের একটা অংশ এখনো নিজেদের 'আটকেপড়া পাকিস্তানী' বলে দাবি করে আসছে। আদালত তাদের ব্যাপারে বলেছে, এক্ষেত্রে উর্দুভাষী বিহারীরাই নিজেদের ভাগ্য নির্ধারণ করবে। জেনেভা ক্যাম্প পরিদর্শনের পর মার্কিন দূত সেখানে বিহারী নেতাদের সঙ্গে বৈঠকে মিলিত হন। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে বাংলাদেশের জন্য তার সরকারের পরামর্শ রয়েছে। "তবে আমি মনে করি বাংলাদেশের একটি সংবিধান রয়েছে এবং তাতে খুব স্পষ্ট করেই বলা আছে, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের বিচারে এদেশের সব নাগরিক সমান অধিকার পাবে। এসব উর্দুভাষী তাদের নাগরিক। তারা সরকারেরই নাগরিক", বলেন মরিয়ার্টি। এ বিষয়টি উর্দুভাষী বিহারী ও বাংলাদেশ সরকারের নিষ্পত্তি করা উচিত বলেও মন্তব্য করেন তিনি। মার্কিন দূত আরো বলেন , "এখানে বসবাসকারীরা বিশ্বাস করে যে তাদের ভবিষ্যত নিহিত এই ক্যাম্পের বাইরে এবং তারা সমাজের অবিচ্ছেদ্য অংশ হতে চায়।" উর্দুভাষী বিহারী এবং সামগ্রিকভাবে বাংলাদেশের উন্নয়নে যুক্তরাষ্ট্র সরকার সহায়তা দেবে বলে জানান মরিয়ার্টি। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পে প্রায় আড়াই লাখ উর্দুভাষী বিহারী বসবাস করছে। তারা ১৯৪৭ সালের দেশভাগের সময় ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসে। ১৯৭০ এর দশকে পাকিস্তান সরকার প্রায় ১ লাখ বিহারীকে সেদেশে ফিরিয়ে নেয়। কিন্তু বাংলাদেশের ১১৬টি ক্যাম্পে এখনো প্রায় ২ লাখ বিহারী বসবাস করছে। এসব 'আটকেপড়া পাকিস্তানী' বা বিহারীদের পাকিস্তানে ফিরিয়ে নিতে বাংলাদেশ বেশ কয়েকবার ইসলামাবাদকে চাপ দিলেও বরাবরই তারা তা করতে অস্বীকৃতি জানায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এইচএ/২০৩৬ ঘ.