২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুর হুমকি দিয়ে শিক্ষামন্ত্রীকে চিঠি

মৃত্যুর হুমকি সম্বলিত একটি চিঠি পেয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2009, 07:54 AM

Updated : 26 Aug 2022, 12:24 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুর হুমকি সম্বলিত একটি চিঠি পেয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ডাকের মাধ্যমে পাঠানো ওই চিঠিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকেও কটাক্ষ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী সোমবার চিঠির কথা প্রকাশ করে সাংবাদিকদের বলেন, গত বুধবার মন্ত্রণালয়ে পৌঁছে। প্রেরকের নাম-ঠিকানাবিহীন ওই চিঠিতে বলা হয়, "শিক্ষামন্ত্রী মৃত্যুর জন্য প্রস্তুত হও।" 'ধর্ম বাদ দিয়ে নাস্তিক্যবাদী' শিক্ষা নীতি প্রণয়নের জন্য এ হুমকি দেওয়া হচ্ছে বলে চিঠিতে জানানো হয়। এতে বলা হয়, "মূর্তিপূজার ইতিহাস পাঠ্যপুস্তকে সংযোজন, নাস্তিক্যবাদী শিক্ষানীতি গ্রহণের জন্য ইসলামের দুশমন খ্যাত ব্যক্তিদের পৃথিবীর কোনো আইনশৃঙ্খলা বাহিনী রক্ষা করতে পারবে না। "আওয়ামী রাজনীতিও শেষ, শত শত ডক্টর নাস্তিকগণও শেষ হবে। মহাজোট নয় ডিজিটাল জোট হলেও ক্ষমতায় যাওয়া এবারই খতম।" চিঠিতে ১৫ আগস্ট ও ২১ আগস্টের মতো হামলারও হুমকি দেওয়া হয়। চিঠির শেষে শুধু লেখা আছে- 'আমজনতা'। ওই চিঠি আসার একদিন পরই সুপ্রিম কোর্ট বঙ্গবন্ধু মামলার আসামিদের আপিল খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে। সেদিন রায়ের পরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমও মৃত্যুর হুমকি পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এফএফ/এমআই/১৩৪৫ ঘ.