২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুনিদের ফাঁসি না দেওয়ার আহ্বান অ্যামনেস্টির

বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসিতে না ঝোলানোর আহ্বান জানিয়েছে মৃত্যুদণ্ডের বিরোধী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 07:39 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসিতে না ঝোলানোর আহ্বান জানিয়েছে মৃত্যুদণ্ডের বিরোধী মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল (এআই)। গত বৃহস্পতিবার এক ঐতিহাসিক রায়ে বঙ্গবন্ধু মামলার পাঁচ আসামির আপিল আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখে সুপ্রিম কোর্ট। এরা হলেন- মৃত্যুদণ্ডপ্রাপ্ত কারাবন্দি পাঁচ আসামি বজলুল হুদা, মহিউদ্দিন আহমেদ, সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান ও এ কে এম মহিউদ্দিন। মামলার পলাতক সাত আসামি- আব্দুর রশিদ, শরিফুল হক ডালিম, এস এইচ এম বি নূর চৌধুরী, মোসলেমউদ্দিন, রাশেদ চৌধুরী, আব্দুল আজিজ পাশা ও আব্দুল মাজেদের মৃত্যুদণ্ডও বহাল রাখা হয়। তবে আজিজ পাশা ইতিমধ্যে মারা গেছে। অ্যানমেস্টি শুক্রবার এক বিবৃতিতে জানায়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যে কোনো ধরনের অপরাধের জন্যই মৃত্যুদণ্ড দেওয়ার বিরোধী। এটি একটি নিষ্ঠুর, অমানবিক এবং অবমাননাকর শাস্তি। আন্তর্জাতিক এ সংগঠনটি খুনিদের শাস্তির কঠোরতা কমানোর জন্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের কাছে অনুরোধ করেছে। বিষয়টি রাষ্ট্রপতির কাছে তুলে ধরার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধও রেখেছে তারা। তবে অ্যামনেস্টি একইসঙ্গে বলেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের হত্যা ছিলো মানবাধিকারের চরম লঙ্ঘন এবং হত্যাকারীদের অবশ্যই শাস্তি হওয়া উচিৎ। "তবে শাস্তি দিতে গিয়ে তা যেন মানবাধিকার লঙ্ঘন না কওে, তাও নিশ্চিত করা দরকার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউ/কিউএইচ/এমআই/১৩২৩ ঘ.