২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাট শহরে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে বিএনপি এবং যুবলীগ সভা ডাকায় বাগেরহাট শহরে ১৪৪ ধারা জারি করে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2009, 07:39 AM

Updated : 26 Aug 2022, 12:23 PM

বাগেরহাট, নভেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে বিএনপি এবং যুবলীগ সভা ডাকায় বাগেরহাট শহরে ১৪৪ ধারা জারি করে মিছিল-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে জেলা প্রশাসন। শহরের দশানী এলাকার জেলা শিল্পকলা একাডেমিতে দুটি অনুষ্ঠানের ঘোষণা দেওয়া হয়েছিলো। এরপর শহরে উত্তেজনা দেখা দেয়। শুক্রবার রাত ১২টার পর প্রশাসন মাইকিং করে শিল্পকলা একাডেমি এবং এর আশপাশের এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞার কথা শহরবাসীকে জানিয়ে দেয়। বাগেরহাটের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) গোকুল চন্দ্র ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৪৪ ধারা জারির সিদ্ধান্ত নিতে হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত তা জারি থাকবে।" বিএনপি দাবি করেছে, তারা আগে কর্মসূচি ঘোষণা করে এবং এ জন্য প্রশাসনের অনুমতিও নেয়। জেলা বিএনপি'র আহ্বায়ক সামছুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার সকাল ১০টায় পৌর ও সদর উপজেলা বিএনপি'র দুটি সম্মেলন জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তন করতে প্রশাসনের অনুমতি নেওয়া হয়। কিন্তু শুক্রবার রাতে যুবলীগ সেখানে সভার ঘোষণা দিয়ে মাইকিং করে।" তিনি জানান, বিএনপির সম্মেলন দুটি তার বাড়িতে হবে। ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের বাগেরহাট পৌর শাখার সাধারণ সম্পাদক ফারুক তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তাদের কর্মসূচিও স্থানান্তর করা হয়েছে। বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সভার কারণে গত সপ্তাহে বাগেরহাটের শরণখোলায়ও ১৪৪ ধারা জারি করা হয়েছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৩০০ ঘ.