ঢাকা, নভেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর জুরাইনে বৃহস্পতিবার সকালে মো. রিপন (৩০) নামে এক কথিত ছিনতাইকারী গণপিটুিনতে নিহত হয়েছে।
এক মহিলার সোনার চেন ছিনতাই করে পালানোর সময় রিপন গণপিটুনির শিকার হয় বলে পুলিশ জানিয়েছে। এ ব্যাপারে কদমতলী থানায় একটি মামলা হয়েছে।
কদমতলী থানার সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, সকাল ১১ টার দিকে রিপন গৃহবধু শাহীনুর বেগমের গলার সোনার চেন টান দিয়ে খুলে নিয়ে পালানোর চেষ্টা করে। শাহীনুর বেগম এসময় সাহায্যের জন্য চিৎকার করলে আশেপাশের লোকজন পিছু ধাওয়া করে রিপনকে ধরে গণপিটুনি দেয়।
পরে পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
রিপন পূর্ব জুরাইনের ওয়াসা রোডের একটি বাসায় ভাড়া থাকতো। তার বাবার নাম আব্দুল মতিন।
শাহীনুর বেগম বাদী হয়ে এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/২৩৫৫ঘ.
bdnews24