মুন্সীগঞ্জ, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জ জেলা বিএনপির সম্মেলন আহ্বান নিয়ে বুধবার আদালতে একটি মামলা হয়েছে।
মুন্সীগঞ্জ সদর সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি দায়ের করেন শহর বিএনপির সাবেক সভাপতি শাহজাহান সিকদার। তিনি সাবেক তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামপন্থি হিসেবে পরিচিত।
জেলা আহবায়ক কমিটির সভা না করে সম্মেলন ডাকার অভিযোগে এ মামলায় বিবাদী করা হয়েছে আহ্বায়ক মিজানুর রহমান সিনহা ও যুগ্ম আহবায়ক আব্দুল হাইকে।
আদালত মামলাটি আমলে নিয়ে ওই দুই নেতাকে আদালতে হাজির হয়ে সম্মেলন ডাকার কারণ দর্শানোর আদেশ দেন।
মামলার বাদী শাহজাহান সিকদার বলেন, কারো সঙ্গে আলোচনা এবং আহবায়ক কমিটির সভা না করে জেলার আহবায়ক ও যুগ্ম আহবায়ক আগামী ২৩ নভেম্বর সম্মেলন ডেকেছেন।
এদিকে সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিন্হা বলেন, দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এই কাজটি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১০০ ঘ.
bdnews24