চট্টগ্রাম, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের শিল্পাঞ্চলগুলোতে অঞ্চলভিত্তিক গ্যাস ভাগাভাগির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা।
বুধবার চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক মতবিনিময় সভায় পেট্রোবাংলা পরিচালক (অপারেশন্স) ইউসুফ আলী তালুকদার এ প্রস্তাব দেন।
তিনি বলেন, চট্টগ্রামে গ্যাসের সঙ্কট দূর করতে দুই বছর পর্যন্ত সময় লাগতে পারে। কারণ এ অঞ্চলের সেমুতাং, বেগমগঞ্জসহ তিনটি ক্ষেত্র থেকে গ্যাস আহরণে সময় লাগবে।
চট্টগ্রামকে সাতটি অঞ্চলে ভাগ করে শিল্প-কারখানার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করে তা মোকাবেলা করতে ব্যবসায়ীদের প্রস্তাব দেন তিনি।
এতে প্রতিদিন সংশ্লিষ্ট অঞ্চলে ৮-২০ মিলিয়ন ঘনফুট গ্যাস সাশ্রয় সম্ভব বলে অভিমত দেন পেট্রোবাংলা চেয়ারম্যান।
তবে সভায় উপস্থিত ব্যবসায়ীরা বলছেন- সরবরাহ বাড়িয়ে গ্যাস সঙ্কট নিরসন করা হোক।
ব্যবসায়ী নেতারা বলেন, সুফল পাওয়া গেলে আলোচনার ভিত্তিতে তারা এ প্রস্তাব বিবেচনা করবেন। কারণ আগে পিডিবি বিদ্যুৎ সাশ্রয়ে এ ধরনের উদ্যোগ নিলেও ব্যবসায়ীরা তার সুফল পাননি।
'চট্টগ্রাম অঞ্চলে গ্যাস সরবরাহে স্বল্পতা ও উদ্ভূত পরিস্থিতি' বিষয়ক বিষয়ক এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন চেম্বার সভাপতি ও সাংসদ এম এ লতিফ।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তিতাস গ্যাস ট্র্যান্সমিশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ খান, জিটিসিএল গ্যাস ট্র্যান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আমিনুর রহমান, বাখরাবাদ গ্যাস সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী খুরশীদুল হাসান, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের প্রকল্প পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী, ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে চেম্বারের সিনিয়র সহ-সভাপতি এম এ ছালাম, সহ-সভাপতি শফিউল হক, বিজিএমইএ'র প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, শামসুদ্দিন খালেদ সেলিম প্রমুখ।
সভায় এম এ লতিফ বলেন, "বর্তমানে চরম গ্যাস সঙ্কট ও সরবরাহ স্বল্পতার কারণে বাণিজ্য ও শিল্পনগরী চট্টগ্রামে রপ্তানীমুখী শিল্পকারখানাসমূহে চরম নাজুক পরিস্থিতির সৃষ্টি হয়েছে।"
পেট্রোবাংলার প্রস্তাবকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের সঙ্গে 'বৃহৎ পর্যায়ে' আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/এসকে/২০৪৯ঘ.
bdnews24