২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে বাংলাদেশ মিশনে জনবল বাড়াবে সরকার

প্রবাসী বাংলাদেশীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে বিদেশে বাংলাদেশ মিশনে জনবল বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2009, 02:37 PM

Updated : 26 Aug 2022, 12:22 PM

ঢাকা, নভেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রবাসী বাংলাদেশীদের উন্নত সেবা দেওয়ার লক্ষ্যে বিদেশে বাংলাদেশ মিশনে জনবল বাড়ানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রী দীপু মনি। মঙ্গলবার ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশীদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মিলানে একটি কনস্যুলেট খোলার কথা ভাবছে। (বিস্তারিত) বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়। এতে বলা হয়, "পররাষ্ট্র মন্ত্রী বলেছেন, প্রবাসী বাংলাদেশীদের উন্নত সেবা দেওয়ার জন্য সরকার বিদেশে বাংলাদেশ দূতাবাস ও মিশনে জনবল বাড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।" মতবিনিময়ের সময় প্রবাসী বাংলাদেশীরা দেশে রেমিটেন্স পাঠানোসহ তাদের নানা সমস্যার কথা দীপু মনিকে জানান। পররাষ্ট্র মন্ত্রী তাদের জানান যে সরকার ইতালির মিলান নগরীতে একটি কনস্যুলেট অফিস খোলার চিন্তাভাবনা করছে। এছাড়া সরকার রোম বা ইতালির অন্যান্য নগরীতে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকের কয়েকটি শাখা স্থাপনের সম্ভাব্যতা খতিয়ে দেখবে। প্রবাসী বাংলাদেশীরা প্রায়ই অভিযোগ করে থাকেন, বিদেশে বাংলাদেশ মিশনের কর্মকর্তারা তাদের যথাযথ সেবা দেন না। এমনকি তাদের সঙ্গে এসব কর্মকর্তা দুর্ব্যবহার করেন বলেও তাদের অভিযোগ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা অবশ্য এসব অভিযোগ অস্বীকার করে যুক্তি দেখান যে বিদেশে বাংলাদেশ মিশনসমূহে সেই ১৯৮২ সালের অর্গানোগ্রাম অনুযায়ী জনবল নির্ধারিত রয়েছে, যখন মাত্র ছয় লাখ বাংলাদেশী বিদেশে বসবাস করতো। বর্তমানে প্রবাসী বাংলাদেশীর সংখ্যা প্রায় ৬৫ লাখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/এইচএ/২০৫২ ঘ.