সিরাজগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের চৌহালী উপজেলায় তাঁত মালিক ও শ্রমিকদের সংঘর্ষে পুলিশসহ ৫০ জনের বেশি আহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার খুকনী গ্রামে এ সংঘর্ষের সময় বিক্ষুব্ধ শ্রমিকরা একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল, তাঁত কারখানা ভাঙচুর এবং একটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ১৫-২০ তাঁত পুড়ে গেছে।
বিকেলে স্থানীয় সাংসদ ও প্রশাসনের কর্মকর্তারা দুপক্ষের বিরোধ মীমাংশায় উদ্যোগ নিলেও তা ফলপ্রসু হয়নি। এর পরিপ্রেক্ষিতে খুকনী গ্রামে ১৪৪ ধারা জারি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয়রা জানান, তাঁত মলিক হাজী শফিউদ্দিনের সঙ্গে সোমবার রাতে তার কারখানার শ্রমিক কিশোরের (২৮) কথা কাটাকাটি হয়। এ ঘটনার পর শফিউদ্দিনের লোকজন কিশোরকে বেদমভাবে মারধর করে।
এই ঘটনার জেরে আজ সকালে আশপাশের কয়েকটি গ্রামের শত শত নারী ও পুরুষ তাঁত শ্রমিক শফিউদ্দিনের বাড়িতে হামলা চালায় এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় শফিউদ্দিনের লোকজন প্রতিরোধের চেষ্টা করলে ব্যাপক সংঘর্ষ হয়।
সংঘর্ষে আহতদের মধ্যে আছেন- শ্রমিক বাবুল মিয়া (৩০), শফি (২৮), মিজান (২০), কুদ্দুস (৩০), নূর মোহাম্মদ (৪৫), মাদ্রাসার ছাত্র জেহাদ (১২) ও এনায়েতপুর থানার উপ-পরিদর্শক শহীদুল ইসলাম শহীদ।
এদের এনায়েতপুরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এনায়েতপুর থানার ওসি মো. আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা স্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, র্যাব ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কাউকে আটক করা হয়নি। মামলাও হয়নি।
তিনি জানান, বিরোধ মীমাংশায় বিকাল সাড়ে ৪টায় এনায়েতপুর থানায় স্থানীয় সাংসদ চয়ন ইসলাম এবং প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা দুপক্ষের সঙ্গে বৈঠকে বসেছে।
তবে আলোচনা ফলপ্রসু না হওয়ায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে খুকনী গ্রামের ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
ওসি জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত খুকনী গ্রামে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৬৪৩ ঘ.
bdnews24