হবিগঞ্জ, নভেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জে আসামি ধরতে গিয়ে হামলার শিকার হয়ে মঙ্গলবার ভোররাতে দুই কর্মকর্তাসহ ছয় পুলিশ সদস্য আহত হয়েছেন।
মাধবপুর উপজেলার মীরনগর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন মাধবপুর থানার ওসি শেখ কবিরুল ইসলাম।
আহত উপপরিদর্শক আলমগীর হোসেন ও সহকারী উপপরিদর্শক রাশেদসহ অপর ছয় কনস্টেবলকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
ওসি কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ছিনতাই ও গাড়ি ডাকাতি মামলার আসামি মাসুক মিয়া ও তার সহযোগীদের গ্রেপ্তার করতে যায় পুলিশের একটি দল। তখন তারা (আসামি) দেশি অস্ত্র-শস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায়।"
হামলার পর সেখানে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।
পুলিশের ওপর হামলায় জড়িত সন্দেহে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১২৩০ ঘ.
bdnews24